 |
কুয়েত থেকে: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিবস ও জাতীয় শিশু দিবস উপলক্ষে কুয়েতের বাংলাদেশ দূতাবাসে শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
১৫ মার্চ দূতাবাসের হলরুমে সোনালী ব্যাংক প্রতিনিধি সাফায়েত হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিযোগিতায় কুয়েত প্রবাসী বাংলাদেশি শিশু-কিশোরদের উপস্থিতি দেখা যায়। চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সৈয়দ শাহেদ রেজা।
১৭ মার্চ দূতাবাসে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাষ্ট্রদূত সৈয়দ শাহেদ রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় কুয়েত প্রবাসীরা বঙ্গবন্ধুর জীবনী নিয়ে আলোচনা করেন। এসময় প্রথম সচিব (শ্রম) ও দূতালয় প্রধান কেএম আলী রেজাসহ দূতাবাসের সব কর্মকর্তা-কর্মচারি, বিভিন্ন সংগঠনের প্রবাসী নেতারা উপস্থিত ছিলেন।
এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে কুয়েতের আওয়ামী লীগ নেতারাও সিটির একটি হোটেলে আলোচনা সভার আয়োজন করে। কুয়েত আওয়ামী লীগের সভাপতি সাদেক হোসেন এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আলী আবদুল ওয়াহীদ এর সঞ্চালনায় সিটির একটি হোটেলে সভা অনুষ্ঠিত হয়। কেক কাটা ও মিষ্টি বিতরণের মধ্য দিয়ে সভা শেষ হয়।
বাংলাদেশ সময়: ১০১৮ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৩
সম্পাদনা: হাসান শাহরিয়ার হৃদয়, নিউজরুম এডিটর