 |
ঢাকা: ১৬ মে সরকার যে আচরণ করবে সে অনুযায়ীই পাল্টা আচরণ করবে বিএনপি। হরতালে প্রধানমন্ত্রীর কার্যালয় এলাকায় গাড়ি পোড়ানোর মামলায় ১৬ মে তারিখের মধ্যে ১৮ দলীয় জোট নেতাদের নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ থাকায় পরিস্থিতি বুঝেই প্রতিক্রিয়া দেখাতে চায় বিএনপি।
সোমবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে মূলত এ বিষয়টি নিয়েই আলোচনা হয়। এছাড়া ৩০ মে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালন ও ১১ জুন ঢাকায় অনুষ্ঠেয় মহাসমাবেশ নিয়েও আলোচনা হয় বৈঠকে।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বৈঠকে সভাপতিত্ব করেন।
বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটর সদস্য গয়েশ্বর চন্দ্র রায় প্রাথমিকভাবে বৈঠকের আলোচনার বিষয়ে ধারণা দেন। পরে স্থায়ী কমিটির অপর সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমানও বলেন, ‘আমরা ১৬ মে এর দিকে তাকিয়ে আছি।’
বৈঠকে আরো ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আর এ গণি, ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. খন্দকার মোশাররফ হোসেন, লে. জে. (অব.) মাহবুবুর রহমান, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, এমকে আনোয়ার, নজরুল ইসলাম খান, ড. আবদুল মঈন খান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ব্রিগেডিয়ার (অব.) আসম হান্নান শাহ, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া ও সারোয়ারি রহমান।
রাত ন’টায় শুরু হওয়া এ বৈঠক রাত দশটার দিকে শেষ হওয়ার পর ১৮ দলীয় জোট নেতাদের নিয়ে বৈঠকে বসেন খালেদা জিয়া।
জামায়াত নেতা হামিদুর রহমান আজাদ, বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, ইসলামী ঐক্যজোট মহাসচিব আব্দুল লতিফ নেজামী, এনপিপি চেয়ারম্যান শেখ শওকত হোসেন নীলু, লেবার পার্টি চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, খেলাফত মজলিশ সভাপতি মওলানা মোহাম্মদ ইসাহাক প্রমুখ বৈঠকে অংশ নেন।
বাংলাদেশ সময়: ২২৩৫ ঘণ্টা, মে ১৪, ২০১২
সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর