 |
| ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম |
ঈশ্বরদী: জামায়াত-শিবিরের ডাকা সোমবারের (১৮ ফেব্রুয়ারি) সকাল-সন্ধ্যা হরতালে ঈশ্বরদীতে বিক্ষোভ মিছিল ও কয়েকটি গাড়ি ভাঙচুর করেছে জামায়াত-শিবির।
প্রত্যক্ষদর্শী ওহিদুর রহমান বাংলানিউজকে জানান ঈশ্বরদীর ঢুলটি, নওদাপাড়া ও মিরকামারি মুন্নার মোড় এলাকায় কয়েকটি ট্রাক, মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহন ভাঙচুর করে জামায়াত-শিবির কর্মীরা।
মুন্নার মোড়ে ঈশ্বরদী-কুষ্টিয়া মহাসড়কে আগুন জ্বালিয়ে ও লাঠি, চায়নিজ কুড়াল, রডসহ বিভিন্ন দেশি তৈরি অস্ত্র উঁচিয়ে হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল করে তারা।
হরতালের বিরুদ্ধে ঈশ্বরদীতে কোনো কর্মসূচী দেখা যায়নি, শহর এলাকায় হরতালের পক্ষে কিংবা বিপক্ষে কোনো কর্মসূচি দেখা যায়নি। তবে শহরে দোকান-পাট বন্ধ ছিল, দুরপাল্লার কোনো যানবাহনও চলাচল করেনি।
জামায়াতে ইসলামী অধ্যুষিত এলাকা খ্যাত ঈশ্বরদীর ছলিমপুর ইউনিয়নের নওদাপাড়া ও মিরকামারীতে জামায়াত-শিবির পিকেটিং করে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর হোসেন বাংলানিউজকে জানান ঈশ্বরদীর কোথাও কোনো নাশকতার ঘটনা ঘটেনি, নাশকতা ঠেকাতে পুলিশের কয়েকটি দল বিভিন্ন এলাকায় টহল দিচ্ছেন বলে জানান তিনি।
এদিকে, মিরকামারী মুন্নার মোড় এলাকায় হরতালের সমর্থনে পথসভায় বক্তব্য দেন ঈশ্বরদী উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি নুরুজ্জামান প্রাং, প্রচার সেক্রেটারি সাইদুল ইসলাম, ছলিমপুর ইউনিয়ন আমির ডা. ফজলুর রহমান, সেক্রেটারি ডা. মুনসুর রহমান, জেলা শিবির সেক্রেটারি (পশ্চিম) নাজিম উদ্দিন, ঈশ্বরদী উপজেলা (দক্ষিণ) সভাপতি মাহফুজুর রহমান, তরিকুল ইসলাম তুষার প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৩
সম্পাদনা: রাফিয়া আরজু শিউলী, নিউজরুম এডিটর
মতামত জানাতে ইমেইল করুন:eic@banglanews24.com