ময়মনসিংহ : জনস্বার্থে দেওয়া হরতাল সফলে নতুন কৌশল প্রণয়ন করেছে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির নেতাকর্মীরা।
শনিবার সন্ধ্যায় যুবদল-ছাত্রদলের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়ার পরেও বিভেদ ভুলে হরতাল সফল করতে চায় দলটি।
পাশাপাশি রোববার মধ্যরাতে স্থানীয় ১৮ দলীয় জোটের প্রায় ৩শ নেতাকর্মীর নামে মামলা দায়ের এবং গ্রেফতারের আশঙ্কায় দলটি নতুন ছক নিয়ে হরতালের মাঠে থাকবে বলে দলটির বেশ কয়েকজন নেতা নাম প্রকাশ না করার শর্তে এ তথ্য জানিয়েছেন।
নাম প্রকাশে আপত্তি জানিয়ে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির বেশ কয়েকজন নেতা জানান, রোববারের হরতালে দলটির শীর্ষ সারির নেতারা সকাল থেকেই অবস্থান করবেন শহরের হরিকিশোর রায় রোডস্থ দলীয় কার্যালয়ে।
সকাল থেকেই গুরুত্বপূর্ণ পয়েন্টে বিচ্ছিন্নভাবে থাকবেন পিকেটাররা। মোবাইল ফোনে শীর্ষ নেতারা তৃণমূল ও মাঠ পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করবেন। পরবর্তী করণীয় নির্ধারণে মুঠোফোনেই দেওয়া হবে নতুন নতুন ম্যাসেজ।
পুলিশের চোখ ফাঁকি দিয়ে ঝটিকা মিছিলও করা হবে। রোববার মধ্যরাতে কোতয়ালি মডেল থানায় ১৮ দলীয় জোটের ৩শ নেতাকর্মীর নামে মামলা দায়েরের পর পুলিশি আতঙ্কের বিষয়টি মাথায় রেখেই এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের দাবি।
হরতাল সফলে নুতন পরিকল্পনা প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দ বাংলানিউজকে বলেন, ‘জনস্বার্থে হরতাল দেওয়া হয়েছে। সাধারণ মানুষই স্বতঃস্ফূর্তভাবে হরতাল সফল করবেন। বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শহরের গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে পিকেটিং করবেন।’
বাংলাদেশ সময় : ০৪১৮ ঘন্টা, জানুয়ারি ০৬, ২০১৩
সম্পাদনা : মাহাবুর আলম সোহাগ, নিউজরুম এডিটর