 |
| ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম |
চট্টগ্রাম: নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন,‘দেশের জনগণ কোন সংলাপ চায় না, তারা এই সরকারের পতন চায়। যারা শত শত মানুষ খুন করেছে তাদের সঙ্গে কোন সংলাপ হতে পারে না। দেশের জনগণ সরকারের পতনের জন্য রাজপথে নেমেছে। সরকারের পতন না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরে যাবে না।’
পুলিশ, র্যাব ও বিজিবি দিয়ে সরকার গদি রক্ষা করতে পারবেনা উল্লেখ করে তিনি বলেন,‘ গণঅভূত্থ্যানের মাধ্যমে সরকারের পতন ঘটানো হবে।’
রোববার বিকেলে নগর বিএনপির দলীয় কার্যালয় নাসিমন ভবনের সামনে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নগর বিএনপির সভাপতি। হরতালের সমর্থনে ১৮দলীয় জোট কোতোয়ালী থানা মিছিল ও সমাবেশের আয়োজন করে।
সোমবার ও মঙ্গলবারের টানা ৪৮ ঘন্টার হরতালে রাজপথে কঠোর অবস্থানে হরতাল সফল করতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে সাবেক এ বাণিজ্যমন্ত্রী বলেন, ‘দেশের জনগণ এ সরকারের পতন ঘটাতে প্রস্তুত। সরকারের অবস্থান এখন নড়বড়ে। পতন এখন সময়ের ব্যাপার মাত্র। কোন মঞ্চ সরকারকে রক্ষা করতে পারবেনা।‘
নগর বিএনপিরন সহ-সভাপতি ও কোতোয়ালী থানা বিএনপির সভাপতি শামসুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খন্দকার, নগর বিএনপির সহ-সভাপতি আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক ডা.শাহাদাত হোসেন, নগর জামায়াতের আমীর শামসুল ইসলাম, বিএনপির কেন্দ্রীয় সদস্য মাহবুবুর রহমান শামীম বক্তব্য রাখেন।
এদিকে দুই দিনের টানা হরতালের সমর্থনে নরগীর বাকলিয়া, বন্দর, পতোঙ্গা, ডবলমুরিং সহ ৪১টি ওয়ার্ডে মিছিল সমাবেশ হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। এছাড়া ৪১টি ওয়ার্ডের সর্বস্তরের বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে কাজির দেউড়ি চত্বরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ার পার্সনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাছির উদ্দিন।
দেশ ও জাতিকে রক্ষায় অবিলম্বে পদত্যাগ করে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তেরের জন্য সরকারের প্রতি দাবি জানিয়ে তিনি বলেন, ‘জনগণের জানমাল রক্ষা ও দেশ পরিচালনায় ব্যর্থতার দায়িত্ব স্বীকার করে কেবলমাত্র পদত্যাগের ঘোষণা দিলেই আওয়ামী লীগের সঙ্গে আলোচনা হতে পারে।’
বর্তমান সরকার স্বৈরাচারী সরকারের ভূমিকায় অবতীর্ন হয়েছে উল্লেখ করে গোলাম আকবর খন্দকার বলেন, ‘নির্যাতন- নিপিড়ন করে কেউ ক্ষমতায় টিকে থাকতে পারেনা। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ছাড়া কোন নির্বাচন জনগণ মেনে নিবেনা।‘
অবিলম্বে মামলা হামলা নির্যাতন বন্ধ না হলে ৪৮ ঘন্টার পরে লাগাতার হরতালের হুমকি দিয়েছেন জামায়াত ইসলামী চট্টগ্রাম মহানগর আমীর মাওলানা সামশুল ইসলাম।
এদিকে বিকেল পাঁচটায় বাকলিয়া থানা বিএনপি হরতালের সমর্থনে মিছিল সমাবেশ করেছে। সেখানে মিছিল পূর্ব সমাবেশে নগর বিএনপির সাধারণ সম্পাদক ও বাকলিয়া থানা বিএনপির সভাপতি ডা.শাহাদাত হোসেন প্রধান অতিথির বক্তব্য রাখেন।
তিনি বলেন, ‘সব ক্ষেত্রে ব্যর্থ সরকার বেশামাল হয়ে পড়েছে। ব্যর্থ সরকার দেশের মানুষের জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। শুধু তাই নয় প্রতিবাদী জনতার উপর নির্বিচারে গুলি চালিয়ে গণহত্যা শুরু করেছে।’
দুই দিনের হরতার সফল করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
এদিকে টানা ৪৮ ঘন্টা হরতালের সমর্থনে বহদ্দারহাটে নগর বিএনপির সহ-সভাপতি আবু সুফিয়ানের নেতৃত্বে মিছিল ও সমাবেশ হয়েছে। ডবলমুরিং থানা বিএনপি সভাপতি এস এম সাইফুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সালাহউদ্দিনের পরিচালনায় কদমতলী মোড়ে সমাবেশ হয়েছে। বন্দরে বিএনপি নেতা এম এ আজিজ, শেখ নুরুল্লাহ বাহার, কাউন্সিলর হাসান মুরাদের নেতৃত্বে ইপিজেড এলাকায় সমাবেশ ও মিছিল হয়েছে। মোহাম্মদ মিয়া ভোলার নেতৃত্বে পতেঙ্গায় মিছিল সমাবেশ হয়। এছাড়া হালিশহর থানা বিএনপি উদ্যোগে মিছিল সমাবেশ করা হয়েছে।
বাংলাদেশ সময়:২০২০ঘণ্টা, মার্চ ১৭ ২০১৩
এমইউ/টিসি