ঢাকা: আল কায়েদার সাবেক নেতা ওসামা বিন লাদেনের মরদেহের আরও সাতটি ছবি পেয়েছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি (সিআইএ)। আগে এসব ছবি নজরে আসেনি সিআইএর।
এর আগে তথ্য স্বাধীনতা আইনের ভিত্তিকে আবেদনের প্রেক্ষিতে বিচার বিষয়ক মন্ত্রণালয় আবেদনকারী ও আদালতকে জানিয়েছিল, মরদেহের ৫২টি ছবি পাওয়া গিয়েছে।
জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট গোপনীয় ও সিআইএর কার্য নথি হিসেবে এসব ছবি তালিকাভুক্ত রয়েছে।
একটি সংবাদ মাধ্যম জানায়, শুক্রবার এক চিঠিতে বিচার বিষয়ক মন্ত্রণালয় এটর্নি মার্সিয়া বেরমান রক্ষণশীল পর্যবেক্ষক গোষ্ঠী জুডিসিয়াল ওয়াচকে জানায়, প্রাথমিক সন্ধানে অতিরিক্ত সাতটি ছবি ছিল না। কিন্তু কখন, কবে সর্বশেষ ছবিগুলো পাওয়া গেছে তা তিনি জানাননি।
বেরমান বলেন, এসবকে গোপনীয় হিসেবে বিবেচনায় নেওয়া হয়েছে।
এ বিষয়ে গণমাধ্যমে কথা বলার ক্ষেত্রে নিষেধাজ্ঞা থাকায় সিআইএ কর্তৃপক্ষের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর, eic@banglanews24.com