 |
ঢাকা: শ্রীলঙ্কার ব্যাটিং গভীরতা আগের মতো না থাকলেও চর পড়েনি। আসা যাওয়ার স্রোতে রানের প্রবাহ ঠিকই রয়েছে। ৬৯ রানে চার উইকেট হারালেও কুমার সাঙ্গাকারা এবং দিনেশ চান্দিমালের শতকে কলম্বো টেস্টে চালকের আসনে স্বাগতিকরা। তৃতীয় সেশন চলাকালীন ৮৯ ওভার খেলে লঙ্কানদের সংগ্রহ ৬ উইকেটে ২৮৬ রান।
১২২ রানে ক্রিজে রয়েছে সাঙ্গাকারা। উইকেটের অপর প্রান্তে নতুন ব্যাটসম্যান নুয়ান কুলাসেকারা।
প্রেমাদাসা স্টেডিয়ামে আগের দিনের এক উইকেটে ১৮ রান নিয়ে দ্বিতীয় দিনের ব্যাটিং শুরু করে শ্রীলঙ্কা। দলীয় স্কোরে ২১ রান যোগ হতেই দিমুথ করুনারত্নের (১৭) উইকেট নিয়ে সফরকারীদের দিনের প্রথম সাফল্য উপহার দেন পেসার আবুল হাসান। নতুন ব্যাটসম্যান লাহিরু থিরিমান্নেও সুবিধা করতে পারেননি। তাকে রানের খাতা খোলার আগেই ফিরিয়ে দেন অপর পেসার রবিউল ইসলাম। শনিবার এই রবিউলের বলেই রানের খাতা খোলার আগে আউট হয়েছেন তিলকারত্নে দিলশান।
দলীয় ৬৯ রানে চতুর্থ উইকেট হারায় স্বাগতিকরা। অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুসকে (১৬) সাজঘরে ফেরান অফ স্পিনার সোহাগ গাজী। পঞ্চম উইকেটে ১৯৫ রানের জুটি গড়ে শ্রীলঙ্কাকে শক্ত অবস্থানে পৌঁছে দেন কুমার সাঙ্গাকারা ও দিনেশ চান্দিমাল। ব্যক্তিগত ১০২ রানে চান্দিমাল বিদায় নেন। বোল্ড করে তাকে ফিরিয়ে দেন পেসার রুবেল হোসেন। নতুন ব্যাটসম্যান কিথুরুয়ান ভিথানাগে ক্রিজে থিতু হওয়ার আগেই সাজঘরে ফেরেন (১২)। মমিনুল হকের তালুবন্দী করিয়ে ভিথানাগেকেও তুলে নেন রুবেল।
বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, ১৭, ২০১৩
এএইচবি/এসএ