ভিয়েনা (অস্ট্রিয়া) থেকে: যুদ্ধাপরাধ বিরোধী আন্দোলনের অগ্নিস্ফূলিঙ্গ এখন ছড়িয়ে পড়েছে বিদেশেও।
শাহবাগের গণজাগরণ মঞ্চের প্রতিধ্বনি এখন অস্ট্রিয়ার ভিয়েনাতেও শোনা যায়। অস্ট্রিয়া প্রবাসীরা একাত্মতা ঘোষণা করেছেন এ আন্দোলনের সঙ্গে।
কাদের মোল্লাসহ একাত্তরের জল্লাদদের ফাঁসির দাবিতে ৯ ফেব্রুয়ারি স্থানীয় সময় সকাল ৯টায় অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার আলটেলায় প্রবাসী বাঙালিদের এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
দলমত নির্বিশেষে ঘাতকদের ছবি সংবলিত ব্যানার-ফেস্টুন নিয়ে বিপুল সংখ্যক বাঙালি এতে উপস্থিত হন।
কোনো সংগঠনের আহ্বানে নয় বরং নিজ নিজ উদ্যোগে পরস্পর পরস্পরের সঙ্গে যোগাযোগ করে স্বতঃস্ফূর্তভবে সবাই একসঙ্গে জড়ো হন, যা সমাবেশে রূপ নেয়।
সমাবেশে সভাপতিত্ব করেন, অস্ট্রিয়া প্রবাসী মানবাধিকার কর্মী, লেখক, সাংবাদিক এম. নজরুল ইসলাম ও পরিচালনা করেন, এ কে এম সওকত আলী।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, খন্দকার হাফিজুর রহমান নাসিম, সাইফুল ইসলাম কবির, আকতার হোসেন, সাইফুল ইসলাম জসিম, সামছুল ইসলাম, শাহ কামাল, ছৈয়াল মনির, রুহি দাস সাহা, সাখাওয়াত হোসেন প্রমুখ।
সমাবেশে এম. নজরুল ইসলাম বলেন, “কাদের মোল্লাসহ একাত্তরের মানবতাবিরোধীদের ফাঁসির দাবিতে শাহবাগে চেতনার যে প্রদীপ জ্বেলেছে নতুন প্রজন্ম, তা অগ্নিশিখা হয়ে ছড়িয়ে পড়েছে সুদূর প্রবাসে।“
তিনি বলেন, “আমরা তাদের অভিনন্দন জানাচ্ছি এবং তাদের আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করছি।”
তিনি বলেন, “আমাদের দৃঢ় বিশ্বাস, মুক্তিযুদ্ধের চেতনার নবজাগরণের সূতিকাগার শাহবাগ থেকে শুরু হওয়া এ অগ্নিশিখার আন্দোলন একাত্তরের চেতনায় উজ্জীবিত প্রতিটি মানুষের প্রত্যাশা পূরণ করবে। কলঙ্কমুক্ত হবে জাতি।”
বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৩
সম্পাদনা: মীর সানজিদা আলম, নিউজরুম এডিটর, আশিস বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর