 |
ঢাকা: নারী সহিংসতা প্রতিরোধের লড়াইয়ে অসীম সাহসিকতা প্রদর্শনের জন্য মার্কিন পররাষ্ট্রমন্ত্রণালয়ের পক্ষ থেকে মরণোত্তর সম্মাননা পদক পাচ্ছেন দিল্লির চলন্ত বাসে গণধর্ষণের শিকার ‘ভারতকন্যা’।
সোমবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, পৈশাচিকতার শিকার হয়েও ‘ভারতকন্যা’ বাঁচার জন্য যে লড়াই করেছেন তা লাখো ভারতীয় নারীকে সংগ্রামী হতে উদ্বুদ্ধ করবে। তার সে লড়াইকে সম্মান জানানের জন্য ‘ইন্টারন্যাশনাল উইমেন অব কারেজ অ্যাওয়ার্ড‘ প্রদান করা হচ্ছে।
বিবৃতিতে জানানো হয়, আগামী ৮ মার্চ মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা ও পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ‘ভারতকন্যা’র পরিবারের হাতে এই সম্মাননা পদক তুলে দেবেন।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে আরও বলা হয়, “লাখো ভারতীয় নারীর পক্ষে বিচারের জন্য তার সাহসী লড়াই বিশ্বের সংগ্রামী মানুষের হৃদয়ে চির ভাস্মর থাকবে। নারীদের বিরুদ্ধে সহিংসতা ঠেকাতে তার (ভারতকন্যা) পরিবারের চলমান লড়াইও বিশ্বের মানবাধিকার আদায়ের লড়াইয়ের অনন্য দৃষ্টান্ত।”
উল্লেখ্য, ২০০৭ সাল থেকে এই সম্মাননাটি প্রদান করে আসছে যুক্তরাষ্ট্র। নারী অধিকার আদায়ের লক্ষ্যে সংগ্রাম করা আরও ১০ সাহসী নারীকে এই সম্মাননা দেবে মার্কিন সরকার।
বাংলাদেশ সময় : ১২২৬ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৩
সম্পাদনা : হুসাইন আজাদ, নিউজরুম এডিটর-eic@banglanews24.com