 |
অমর একুশের গ্রন্থমেলায় ‘শুদ্ধস্বর’ থেকে বেরিয়েছে বিকাশ চন্দ্রের প্রথম উপন্যাস ‘ঝরা পাতার গল্প’।
এটি তার প্রকাশিত দ্বিতীয় গ্রন্থ। এর আগে ২০০৯ সালে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ থেকে বের হয় তার লেখা গবেষণামূলক গ্রন্থ ‘ওমেন ইন স্ক্রিন’।
বইটি সম্পর্কে বিকাশ চন্দ্র বলেন, “সভ্যতাকে প্রশ্নের সন্মুখীন করার অধিকার ঈশ্বর হয়তো আমাদের সমাজের নারীদের দেন নি। এতে আমার কোনো কষ্ট নেই। আমার কষ্ট সেখানেই, যেখানে পুরুষের পাশাপাশি তিনি এই ধরায় নারীকে স্বতন্ত্র অস্তিত্ব দিয়ে পাঠিয়েছেন ঠিকই, কিন্তু অস্তিত্বের অস্তিত্ব প্রকাশের চাবিটা দিয়ে রেখেছেন পুরুষের হাতে।”
উপন্যাসে গল্প বয়ানকারী জয়দ্বীপ নিজে বিভিন্নভাবে এ সমাজের নানা সমস্যা যেমন- কুশিক্ষা, নারীর প্রতি অবহেলা, লিঙ্গ বৈষম্যসহ নানা বিষয় তুলে ধরেছে।
বিকাশ চন্দ্র বলেন, “গল্পের প্রধান দুই চরিত্র জয়দ্বীপ ও লাবণ্য। সমবয়সী এবং একই ক্লাসে পড়–য়া দু’জনের প্রাণের মিলন ঘটে উভয়ে যখন কলেজের শিক্ষার্থী। ছোটকাল থেকেই জয়দ্বীপের ব্যতিক্রমধর্মী ব্যক্তিত্ব ধরা পড়ে অন্যদের চোখে। যে বয়সে যখন শুধু নিজেকে নিয়েই ভাববার কথা তখন থেকেই জয়দ্বীপ জড়িয়ে পড়ে সমাজের ভাল-মন্দে। এরপর জয়দ্বীপের মাধ্যমে সমাজের নানা অসংগতির চিত্র তুলে ধরার চেষ্টা করেছি মাত্র। আশা করি, পাঠকদের ভালো লাগবে এ উপন্যাস।”
বইমেলায় শুদ্ধস্বর প্রকাশনীর স্টল নম্বর ৪৩৬-৪৩৮ এ উপন্যাসটি পাওয়া যাচ্ছে।
বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৩
এমকে/সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর