ঢাকা: বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) ভ্রাম্যমাণ আদালত সোমবার রাজধানীর সাতারকুল, বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে শিবানীজ অ্যারোমা ব্রান্ডের প্রসাধনী উৎপাদনকারী প্রতিষ্ঠান কেয়ার এন্ড কিউর ইন্টারন্যাশনাল লিমিটেড প্রতিষ্ঠানে অভিযান চালায়।
অভিযানে আদালত প্রতিষ্ঠানটিকে আড়াই লাখ টাকা জরিমানা, দু’জনের চার মাস করে জেল, কারখানা সিলগালা, মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলা ও ১৫ লাখ টাকার প্রসাধনী মালামাল বাজেয়াপ্ত করে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সেলিম হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। আদালত ক্ষতিকর দ্রব্য ব্যবহার করে প্রসাধন তৈরি করায় প্রতিষ্ঠানটির ম্যানেজার রবিন্দ্র দেব (৩৫) এবং স্টোর কর্মকর্তা মেহেদী হাসানকে (২৮) ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করে। সিলগালা করে দেয় কারখানাটি। ম্যানেজিং ডিরেক্টর অঞ্জন কুমার রায়ের বিরুদ্ধে করে মামলা। সেইসঙ্গে বাজেয়াপ্ত করে আনুমানিক ১৫ লাখ টাকার প্রসাধনী।
এছাড়াও প্রতিষ্ঠানটি এক মাস আগে সকাল-সন্ধ্যা স্কিনক্রিমের উৎপাদন বন্ধ আছে মর্মে বিএসটিআইকে অবহিত করে।
অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটি স্কিনক্রিম, বডি লোশান, হেয়ার অয়েল, স্কিন পাউডার, ফেসওয়াস সহ ৪৭ ধরনের পণ্য উৎপাদন করে। উৎপাদনস্থল থেকে ব্যবহার নিষিদ্ধ হাইড্রোজেন পার অক্সাইড, হাইড্রোকুইনন এবং ব্লিচিং পাউডার পাওয়া যায়। প্রতিষ্ঠানে একটি ল্যাব থাকলেও মান নিয়ন্ত্রণের জন্য কেমিস্ট বা কোনো রিপোর্ট পাওয়া যায়নি।
আদালত জানায়, প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ত্বকের জন্য মান নিয়ন্ত্রণ ব্যতিত অত্যন্ত ক্ষতিকারক হাইড্রোজেন পার অক্সাইড, হাইড্রোকুইনন এবং ব্লিচিং পাউডার ব্যবহার করে শিবানীজ অ্যারোমা ব্রান্ডের ৪৭ ধরনের প্রসাধনী উৎপাদন এবং বিএসটিআইর লাইসেন্স না নেওয়ার করার অপরাধ আছে।
বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন অধ্যাদেশ, ১৯৮৫ এবং অ্যাসেন্ডমেন্ট অ্যাক্ট ২০০৩-এর ১৯, ২৪ ও ৩২ ধারায় আদালত তাদের শাস্তি দিয়েছে।
বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৩
এমআইআর/সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর