 |
ঢাকা: এটিএন বাংলা স্বাধীনতা কাপের চূড়ান্ত পর্বের খেলায় টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন ফরাশগঞ্জকে ২-০ গোলে হারিয়ে শুভসূচনা করেছে আবাহনী লিমিটেড। জোড়া গোল করে আবাহনীর জয়ের নায়ক নাইজেরিয়ান স্ট্রাইকার লাকি পল।
আগের আসরের কোয়ার্টার ফাইনালে ফরাশগঞ্জের কাছে পেনাল্টি শ্যুট আউটে ২-১ গোলে হেরে প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছিল আবাহনী। রোববার সেই হারের প্রতিশোধ তুলে নেয় আকাশি-হলুদরা।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে চার বারের লিগ চ্যাম্পিয়ন আবাহনীর বিপক্ষে প্রথমার্ধে দারুণ প্রতিরোধ গড়ে তোলে পুরনো ঢাকা দলটি। যদিও ২৫ মিনিটে গোলের সুযোগ তৈরি করেছিল ফেবারিটরা। কিন্তু বক্সের বাইরে থেকে তুয়াম ফ্রাঙ্কের প্রচন্ড শট পাঞ্চ করে রক্ষা করেন ফরাশগঞ্জ গোলরক্ষক শাহানশাহ। প্রথমার্ধ গোলশূন্য থাকলেও বিরতির পরই আবাহনীকে উল্লাসে মাতান লাকি পল। ৪৬ মিনিটে মিডফিল্ডার আব্দুল বাতেন মজুমদার কোমলের কাটব্যাকে নিশানা ভেদ করেন এই নাইজেরিয়ান স্ট্রাইকার।
৭৬ মিনিটে ব্যবধান দ্বিগুন করে আবাহনী। পোস্ট ছেড়ে বেড়িয়ে আসা গোলরক্ষক শাহানশাহকে পরাস্ত করে তুয়াম ফ্রাঙ্ক বল বাড়িয়ে দেন আনমার্কড পলের উদ্দেশ্যে। বক্সে দাঁড়ানো নাইজেরিয়ান এই স্ট্রাইকারের কাজ ছিল টোকা দিয়ে বল জালে পাঠানো। আবাহনী স্ট্রাইকাররা বেশক’টি সুযোগ নষ্ট করায় ২-০ গোলের জয়েই সন্তুষ্ট থাকতে হয় ধানমন্ডির ক্লাবটিকে।
এর আগে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম। এ সময় বাফুফের কর্মকর্তারা ছাড়াও পৃষ্ঠপোষক এটিএন বাংলার উপদেষ্টা (প্রোগ্রাম) নওয়াজিশ আলী খান এবং সহযোগী পৃষ্ঠপোষক ওয়ালটনের সিনিয়র উপ-পরিচালক ইকবাল বিন আনোয়ার উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৯৪২ঘণ্টা, ১৭ মার্চ, ২০১৩
এএইচবি/এসএ