 |
নারায়ণগঞ্জ : হরতাল সমর্থনে রোববার সকালে নারায়ণগঞ্জ শহরে বিএনপির মিছিলে বাধা দিয়েছে পুলিশ। এসময় পুলিশের সঙ্গে নেতাকর্মীদের ধস্তাধস্তির ঘটনা ঘটে। এক পর্যায়ে পুলিশ ব্যানার কেড়ে নিলে বিএনপি নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে চলে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৭টায় শহরের আমলাপাড়া এলাকা থেকে জেলা বিএনপির সভাপতি ও জেলা ১৮ দলীয় জোটের আহবায়ক অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারের নেতৃত্বে হরতাল সমর্থনে একটি মিছিল বের হয়। মিছিলে শহর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল, সহ-সভাপতি সুরুজ্জামান জেলা ওলামা দলের সভাপতি সামসুজ্জামান খান বেনু, মহানগর যুবদলের আহবায়ক ও সিটি করপোরেশনের কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ, যুগ্ম-আহবায়ক মাসুদ রানা, বিল্লাল হোসেন, মহানগর ছাত্রদল নেতা রশিদুর রহমান রুশো, শাহেদ আহম্মেদ, রিয়াদ সহ শতাধিক নেতাকর্মী ছিল।
মিছিলটি আমলাপাড়া হতে শহরের বঙ্গবন্ধু সড়কের দিপা সুইটসের সামনে আসা মাত্র পুলিশ বাধা দেয়। এসময় তাদের মধ্যে প্রথমে বাকবিতন্ডা ও পরে মৃদু ধস্তাধস্তির ঘটনা ঘটে। তখন বিএনপি নেতাকর্মীদের কাছ থেকে পুলিশ ব্যানার কেড়ে নিলে তারা ছত্রভঙ্গ হয়ে চলে যায়।
শহর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল বলেন, “আমরা শান্তিপূর্ণ কর্মসূচী পালন করার সময়েও পুলিশ বাধা দিচ্ছে।”
রোববার বিকেল পর্যন্ত শহরে খণ্ড খণ্ড মিছিল করবে বলেও জানান এটিএম কামাল।
এদিকে, ভোর থেকেই শহরের মিশনপাড়া এলাকায় জেলা জামায়াতে ইসলামীর কার্যালয় ও শহরের ডিআইটি বাণিজ্যিত এলাকায় অবস্থিত জেলা বিএনপির কার্যালয়ের আশেপাশে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।
এছাড়া শহরের ২নং রেল গেট, ১ নং রেল গেট, চাষাঢ়া, মেট্রো হল মোড়, গ্রিন্ডলেজ ব্যাংক মোড় এলাকাতে পুলিশ মোতায়েন রয়েছে।
নারায়ণগঞ্জ শহর ছাড়াও সদর উপজেলার ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ, বন্দর উপজেলা, সোনারগাঁও উপজেলাতেও হরতালে পরিবেশ রয়েছে শান্তিপূর্ণ।
ঢাকা-নারায়ণগঞ্জ রুটে খুবই সীমিত সংখ্যক বাস চলাচল করছে।
সকাল থেকে নারায়ণগঞ্জ শহর হতে দূরপাল্লা ও ঢাকা-নারায়ণগঞ্জ রুটেও কাউন্টার সার্ভিসের কোন বাস চলাচল করছে না। সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক দিয়েও দূরপাল্লার কোন বাস চলাচল করছে না। তবে সেখানে বিচ্ছিন্নভাবে কিছু বাস চলাচল করছে। ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। প্রত্যেকটি ট্রেনে যাত্রীদের ছিল উপছেপড়া ভিড়।
বাংলাদেশ সময় : ০৭৫৮ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৩
তানভীর হোসেন/সম্পাদনা: বেনু সূত্রধর, নিউজরুম এডিটর/আরআর