ঢাকা: খিলগাঁওয়ের খিদমাহ হাসপাতালের সামনে বাস ড্রাইভার বদরকে পুড়িয়ে হত্যা মামলায় ছাত্রদলের সাধারণ সম্পাদক আমীরুল ইসলাম খান আলীম ও মহানগর উত্তর ছাত্রদল সাধারণ সম্পাদক কামাল আনোয়ার আহমেদ লিটুকে ৫ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন মঞ্জুর করেছেন আদালত।
বুধবার বদর হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে মামলার তদন্ত কর্মকর্তা মোকছেদুর রহমান প্রত্যেককে ১০ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করেন।
মহানগর হাকিম রেজাউল করিম শুনানি শেষে প্রত্যেকের ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গাড়ি পোড়ানোর মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়ে মঙ্গলবার তারা কাশিমপুর কারাগার থেকে বের হলে তাদের গ্রেপ্তার করা হয়।
একই মামলায় মঙ্গলবার বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবীর খোকনের রিমান্ড ও জামিনের আবেদন না মঞ্জুর ও যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী প্রতিদ্বন্দ্বী মো. জিলানীকে ১ দিনের রিমান্ডে পাঠান একই আদালত।
এ মামলায় খোকন কারাগারে ও জিলানী রিমান্ডে আছেন।
উল্লেখ্য, গত ২২ এপ্রিল বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতালের আগের দিন খিলগাঁও এলাকায় খিদমাহ হাসপাতালের সামনে রাখা ঈগল পরিবহনের একটি বাসে আগুন দিলে ঘুমন্ত অবস্থায় বাসের ড্রাইভার বদর আলী পুড়ে মারা যান। হেলপার মোতালেব আহত হয়।
এ ঘটনার দিনই খিলগাঁও থানা পুলিশের উপ-পরিদর্শক ইকবাল আহমেদ খান বাদী হয়ে হত্যা মামলাটি দায়ের করেন।
বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, জুন ১৩, ২০১২
সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর