 |
| ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম |
চট্টগ্রাম: সমৃদ্ধ বাংলাদেশ গড়তে বিজ্ঞান ও প্রযুক্তিমুখী শিক্ষা অর্জনের তাগিদ দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
সোমবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বন্দরনগরীর বেসরকারি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তনে শিক্ষামন্ত্রী তরুণদের প্রতি এ তাগিদ দিয়েছেন।
বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. আবু তাহের বাংলানিউজকে এসব তথ্য জানিয়েছেন।
নুরুল ইসলাম বলেন, `শিক্ষার্থীরা জাতির ভবিষ্যৎ। তারাই দেশকে মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তুলতে পারে। তাই বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে দেশ ও সমাজের উন্নয়নে নিজেদের সমর্পন করতে হবে।`
তরুণ সমাজকে বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর শিক্ষা অর্জন করে কাঙ্খিত সফলতা লাভে উদ্যোগী হতে হবে বলেও মন্তব্য করেন মন্ত্রী।
প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. অনুপম সেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বরেণ্য কবি ও সাহিত্যিক প্রফেসর হাসান আজিজুল হক `উচ্চশিক্ষা ও বাংলাদেশ: প্রত্যাশা ও প্রাপ্তি` শীর্ষক বক্তব্য দেন।
সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী বলেন, `চট্টগ্রামকে স্বাস্থ্য ও শিক্ষাখাতে স্বয়ংসম্পূর্ণ করে তুলতে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। এই স্বপ্ন নিয়ে ভবিষত্য প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় মেধাবী ও দক্ষ জনশক্তি তৈরি করতে বদ্ধ পরিকর।
সিটি মেয়র ও বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান এম মনজুর আলম বিশ্ববিদ্যালয় নিয়ে তার পরিকল্পনা তুলে ধরেন।
এরপর শিক্ষামন্ত্রী বিভিন্ন অনুষদে ভাল ফল অর্জন করায় দশ শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ‘বেষ্ট অ্যাকাডেমিক অ্যাওয়ার্ড’ প্রদান করেন।
২০০১ সালে ৫ ডিসেম্বর মানব সম্পদ তৈরির লক্ষ্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে দু`টি বিভাগ নিয়ে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। বর্তমানে ৪টি অনুষদের অধীনে ১১টি বিভাগে মোট প্রায় ৮ হাজার শিক্ষার্থী অধ্যয়ন করছে।
বাংলাদেশ সময়: ১৭ ৫৭ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৩
এমবিএম/আরডিজি