 |
ঢাকা: তারার মিছিলেও উজ্জ্বল মাশরাফি বিন মুর্তজা। সাকিব আল হাসান, মোহাম্মদ আশরাফুলের মতো তারকা ক্রিকেটারকে ছাপিয়ে দ্বিতীয়বার ঢাকা গ্ল্যাডিয়েটরসের অধিনায়কত্ব পেলেন নড়াইল এক্সপ্রেস।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)’র প্রথম আসরে কোনো দলই যখন মাশরাফিকে নিতে চায়নি তখন তাঁর পাশে এসে দাঁড়িয়েছিলেন ঢাকা গ্ল্যাডিয়েটরস। শুধু দলেই নেয়নি, চোট থেকে ফেরা একজন বোলারের হাতেই তুলে দিয়েছিল নেতৃত্ব। তাঁর হাত ধরে বিপিএলের প্রথম আসরে শিরোপাও জেতে ঢাকা গ্ল্যাডিয়েটরস। প্রতিযোগিতার দ্বিতীয় আসরেও মাশরাফির ওপরই আস্থা রেখেছেন গ্ল্যাডিয়েটরস চেয়ারম্যান সেলিম চৌধুরী। সোমবার ঢাকা রেডিসন হোটেলে দল পরিচিতি অনুষ্ঠানে তিনিই মাশরাফিকে অধিনায়ক ঘোষণা করেন।
বিপিএলের সবচেয়ে দামী খেলোয়াড় সাকিবও ছিলেন ওই অনুষ্ঠানে। তিন লাখ ৬৫ হাজার মার্কিন ডলারে সাকিবকে নিলামে পেয়েছে ঢাকা গ্ল্যাডিয়েটরস। এনামুল হক বিজয়, মোশারফ হোসেন রুবেল, সৌম্য সরকার, লিটন দাস, মাহাবুবুল আলম রবীন ও সাকলাইন সজিবদের সঙ্গে আশরাফুলও ছিলেন খেলোয়াড় পরিচিতি মঞ্চে। বাংলাদেশ লিগের ম্যাচ খেলার জন্য বগুড়াতে থাকা দলের অপর সদস্য রকিবুল হাসান উপস্থিত থাকতে পারেননি।
দেশের খেলোয়াড়দের পাশাপাশি ভালো মানের বিদেশি ক্রিকেটারও নিয়েছে গ্ল্যাডিয়েটরস। প্রথম আসরে খেলে যাওয়া পাকিস্তানি অলরাউন্ডার শহীদ আফ্রিদি এবারও খেলবেন পুরনো দলে। এছাড়াও আছেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক তিলকারতেœ দিলশান, কৌশল লুকরাচি, ইংল্যান্ডের লুক রাইট, ওয়াইজ শাহ, জশুয়া কব, ক্রিস লিডেল ও ড্যারেন স্পিভেন। লঙ্কান পেসার লাসিথ মালিঙ্গাকেও গ্ল্যাডিয়েটরস নিয়েছিল। কিন্তু চোটের কারণে শেষপর্যন্ত বিপিএল থেকে নিজেকে প্রত্যাহার করে নেন টি-টোয়েন্টির বিধ্বংসী এই বোলার।
মালিঙ্গার জায়গায় ভালো মানের পেস বোলারই নেওয়া হবে বলে জানান সেলিম চৌধুরী। সমর্থকদের চমক দেওয়ারই অপেক্ষায় টিম ম্যানেজমেন্ট।
দেশি-বিদেশি ক্রিকেটারের ভারসাম্য রেখে এবারের দলটি গড়েছে গ্ল্যাডিয়েটরস। অনুষ্ঠানে সেলিম চৌধুরী বললেনও,‘গতবারের তুলনায় ব্যাটিং এবং বোলিং লাইনআপ দেখলে এবারের দলটি বেশি ভালো। যদি একাগ্রতা এবং প্রতিশ্রুতি থাকে তাহলে এবারও শিরোপা ধরে রাখতে পারব।’
সেলিম চৌধুরী অনুষ্ঠানের শুরুতে বিপিএল গভর্নিং কাউন্সিলের আগের কমিটির দিকে অভিযোগের তির ছোড়েন,‘আমরা আগেও অনেকবার বলেছি, বিদেশি ক্রিকেটারদের বকেয়া সময় মত কেন পরিশোধ করতে পারিনি। আমরা বিসিবির কাছে টাকা পেতাম। কিন্তু বিপিএল’র আগের কমিটি তা স্বীকার করেনি। কিন্তু বর্তমান কমিটির সভাপতি তা স্বীকার করেছেন এবং রোববার টাকাও দিয়েছেন।’
ক্রিকেট বাণিজ্যে সম্পৃক্ত হওয়ার আগে সেলিম চৌধুরীর ধারণাতেও ছিল না জাতীয় রাজস্ব বোর্ডকে টাকা দিতে হয়। এসব নিয়েও বিপিএলের প্রথম বছরটা কিছুটা ঝামেলায় কেটেছে ঢাকা গ্ল্যাডিয়েটরসের। প্রতিযোগিতার দ্বিতীয় আসরের জন্য কিছু স্পন্সরও পেয়েছে দলটি। ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান বাংলা লায়ন, স্ক্যান সিমেন্ট, অঞ্জন্স এবং ম্যাটাডোর বল পেন চ্যাম্পিয়নদের স্পন্সর। তবে এতে যে খরচের পুরো টাকা উঠে যাবে তা না। ঢাকা গ্ল্যাডিয়েটরসের ব্যবস্থাপনা পরিচালক শিহাব চৌধুরী মুচকি হেসে বললেন,‘এবার লাভ না হলেও প্রথম আসরের মতো অত ঘাটতি থাকবে না।’
এদিকে ঢাকা গ্ল্যাডিয়েটরসের ডাকনাম দেওয়া হয়েছে পোস্তুলাতি। শিহাব চৌধুরী এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, রোমান ভাষায় গ্ল্যাডিয়েটরসদের সুপার স্টারকে বলা হয় পোস্তুলাতি।
বাংলাদেশ সময়: ১২১৮ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৩
এসএ/এফএইচএম