 |
| ছবি : দেলোয়ার হোসেন বাদল / বাংলানিউজটোয়েন্টিফোর.কম |
বইমেলা থেকে: সকাল থেকেই বইছে ঠাণ্ডা বাতাস। দুপুর থেকে ছিটেফোঁটা বৃষ্টি। মেঘলা আকাশ, ভরদুপুরেই সন্ধ্যার আমেজ। প্রকৃতির এই অনাকাঙ্ক্ষিত রূপ বদলের মাঝেই শুরু হলো ১৭তম দিনের বইমেলা।
এমনিতেই এবারের গ্রন্থমেলার দিনগুলিতে মেলা জমছে না সন্ধ্যার আগে। আজ ঠাণ্ডা বাতাস ও বৃষ্টি যোগে বইমেলা যেন হয়ে পড়লো আরো বেশি জনশূন্য। প্রায় চারটা বাজতে চললেও এখনও কিছু দোকানি তাদের স্টলই খুলে বসেন নি। স্থানে স্থানে গুটিকয়েক দর্শনার্থী দেখা গেলেও তারা কেউ স্টলে ভিড়ছেন না। বৃষ্টির ছাট থেকে বাঁচার জন্য আশ্রয় নিয়েছেন বাংলা একাডেমীর ভবনগুলো সানসেডের নিচে।
বইমেলায় আগত দর্শনার্থীদের কারো কারো গায়ে চাদর আর সোয়েটার। যারা পূর্বপ্রস্তুতি না নিয়েই বেরিয়েছেন, তারা এখন বিরক্ত অপ্রত্যাশিত শীতের হাওয়ায়। কেউ কেউ নিজের উপর মহাবিরক্ত আজ বইমেলায় এসেছেন বলে। মেলায় প্রবেশের পথে দু’জনের কথোপকথন কানে এলো। একজন আরেকজনকে বলছেন, “ধুৎ আজ মেলায় আসাই বোকামি হলো।”
ফাঁকা বইমেলায় কেউ কেউ মাথার ওপর ছাদের অন্বেষণে আশ্রয় নিয়েছেন নতুন ভবনের তলায়। সেখানে চলছে মেলায় আগত তরুণ-তরুণীদের জম্পেস আড্ডা। জমছে হালকা বৃষ্টিতে ঠাণ্ডা হাওয়ায় আষাঢ়ে গল্প।
বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৩
সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর