বিশ্ব কাঁপানো রিয়েলিটি শো ‘আমেরিকান আইডল’। এটি প্রথম শুরু হয় ২০০২ সালে। টিআরপি রেটিংয়ে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠানটি তৈরি করেছে রেকর্ড। পরবর্তীতে এ অনুষ্ঠানটির লাইসেন্স নিয়ে ভারতেও শুরু হয় ‘ইন্ডিয়ান আইডল’। সেখানও এটি পায় তুমুল জনপ্রিয়তা। এবার বাংলাদেশও আসছে এই রিয়েলিটি শোর দেশি সংস্করণ ‘বাংলাদেশী আইডল’।
এ বিষয়ে ‘আমেরিকান আইডল’-এর মূল ব্র্যান্ডিং প্রতিষ্ঠান ফ্রি-মেন্টাল মিডিয়ার সঙ্গে সম্প্রতি চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশের প্রযোজনা প্রতিষ্ঠান ‘ডেল্টা বে’।
এ বিষয়ে ডেল্টা বে’র ব্যবস্থাপনা পরিচালক মঈনুল হোসেন মুকুল বলেন, আমেরিকান প্রতিষ্ঠান ফ্রি-মেন্টলের সঙ্গে চুক্তি স্বাক্ষরের কাজ শেষ। এবার তাদের গাইড লাইন অনুযায়ী বাকি কাজগুলো শুরু করবো। শিগগিই উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে প্রতিযোগীদের অংশগ্রহণের নিয়ম ও অন্যান্য তথ্য প্রকাশ করা হবে। আশা করছি সেপ্টেম্বর থেকে অডিশন শুরু করতে পারবো।
তিনি আরও জানান, অনুষ্ঠানে মনোনীত বিচারকদের প্রোফাইল এরই মধ্যে মূল প্রতিষ্ঠানের অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। এ তালিকায় আছেন দেশের খ্যাতিমান সঙ্গীতশিল্পীরা সহ পশ্চিমবঙ্গের বিচারকরাও। আইডল সিরিজের অনুষ্ঠানগুলো বিশ্বে অনেক জনপ্রিয় হয়েছে। সে জনপ্রিয়তা ও আর্ন্তজাতিক মান পুরোপুরি ধরে রাখতে বাংলাদেশী আইডলকেও বর্ণাঢ্যভাবে উপস্থাপনের পরিকল্পনা করা হচ্ছে।
অনুষ্ঠানটির প্রচার সম্পর্কে তিনি আরও জানান, আগামী সেপ্টেম্বরে সম্প্রচার শুরু হবে দেশের প্রথম থ্রিজি স্যাটেলাইট টিভি চ্যানেল ‘এসএটিভি’। এ চ্যানেলেই প্রচার হবে ‘বাংলাদেশী আইডল’। নতুন চমক আরও থাকছে যা ধাপে ধাপে সবাইকে জানানো হবে।
বাংলাদেশ সময়, ১৫২০, জুন ১২, ২০১২ সম্পাদনা: অনন্যা আশরাফ, নিউজরুম এডিটর
বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।