 |
| ছবি: মোশাররফ /বাংলানিউজটোয়েন্টিফোর.কম |
ঢাকা: যুদ্ধাপরাধের ফাঁসির দাবিতে শাহবাগের উত্তাল চলমান আন্দোলনের সঙ্গে যোগ দিয়েছেন ২৫ হাজার প্রতিবাদী নারী।
বিকেল সোয়া চারটার দিকে ৩০টি সংগঠনের ব্যানারে এই নারীরা গণজাগরণ চত্বরে এসে পৌঁছে বলে জানা গেছে। তবে সন্ধ্যা সাড়ে ৭টায় প্রতিবেদন লেখা পর্যন্ত আনুষ্ঠানিকভাবে তারা সংহতি প্রকাশ করেনি।
জানা গেছে, বুধবার সোয়া ৪টার দিকে ৩০টি নারী সংগঠন, সাংস্কৃতিক সংগঠন, সামাজিক সংগঠন, বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও), কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে তারা শাহবাগে প্রতিবাদ সমাবেশে যোগ দেয়।
এর আগে মঙ্গলবার ২৫ হাজার নারী বুধবার বিকেলে এসে সংহতি প্রকাশ করবেন বলে ঘোষণা দেওয়া হয়েছিলো।
আরও জানা গেছে, ৩০টি সংগঠনের মধ্যে ব্রুতি, মহিলা পরিষদ, নিজেরা করি এবং মহিলা আইনজীবী পরিষদ রয়েছে। তবে গণজাগরণ চত্বরে উপস্থিতির বিষয়ে আনুষ্ঠানিকভাবে গণজাগরণ মঞ্চের মিডিয়া সেল থেকে কিছু বলা হয়নি।
যোগ দেওয়া ব্রুতি’র এক নারী সদস্য বলেন, “আমরা প্রাতিষ্ঠানিক সিদ্ধান্তের আলোকে বুধবার আসলেও উপস্থিতি আমাদের স্বতঃস্ফূর্ত। শাহবাগের এ আন্দোলনে নারীর উপস্থিতি নতুন নয়। তারপরও নারীর সমাজের আনুষ্ঠানিক উপস্থিতি জানান দিতে আমরা এখানে এসেছি।
বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৩
এসএআর/সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর; নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর