৫ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ১৯, ২০১৩ ৯:০৬ এএম BDST banglanew24
20 Jan 2013   02:07:22 PM   Sunday BdST
E-mail this

আশিয়ান সিটি প্লট বিক্রি বন্ধ: হাইকোর্টের আদেশ স্থগিত করেননি আপিল বিভাগ


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আশিয়ান সিটি প্লট বিক্রি বন্ধ: হাইকোর্টের আদেশ স্থগিত করেননি আপিল বিভাগ

ঢাকা: রাজধানীর উত্তরার দক্ষিণখান মৌজায় আশিয়ান সিটি আবাসিক প্রকল্পের মাটি ভরাট, যে কোনো ধরনের বিজ্ঞাপন এবং প্লট বিক্রিসহ সব কার্যক্রম বন্ধে হাইকোর্টের আদেশ স্থগিত করেননি আপিল বিভাগ।

তবে আশিয়ান সিটির আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত শুনানি মুলতবি করেন প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ। এর মধ্যে আশিয়ান সিটিকে লিভ টু আপিল আবেদন করতে বলা হয়েছে।

আদালতে রিট আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মাহমুদুল ইসলাম। তাকে সহায়তা করেন অ্যাডভোকেট ইকবাল কবির। আশিয়ান সিটির পক্ষে ছিলেন ব্যারিস্টার রফিক-উল হক, ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ ও অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু।

পরে ইকবাল কবির সাংবাদিকদের জানান, আশিয়ান সিটির আবাসিক প্রকল্পের সব কার্যক্রম বন্ধ করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেন নি আপিল বিভাগ। তবে আদালত তাদের মুলতবি আবেদন গ্রহণ করে ২৪ জানুয়ারি পযন্ত শুনানি মুলতবি করেন। এর মধ্যে নিয়মিত আপিল আবেদন করতে বলেছেন।

তিনি বলেন, আশিয়ান সিটির পক্ষে তাদের আইনজীবীরা হাইকোর্টের আদেশ স্থগিত করার আবেদন জানালে আপিল বিভাগ তাদের আবেদন গ্রহণ করেন নি। পরে তারা স্থগিত আবেদন মুলতবির আবেদন জানান।

প্রসঙ্গত, জনস্বার্থে দায়ের করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২ জানুয়ারি উত্তরার দক্ষিণখান মৌজায় আশিয়ান সিটি আবাসিক প্রকল্পের মাটি ভরাট, যে কোনো ধরনের বিজ্ঞাপন এবং প্লট বিক্রিসহ সব কার্যক্রম বন্ধের নির্দেশ দেন।

অন্যদিকে, গত বছরের ১৪ ফেব্রুয়ারি পরিবেশ মন্ত্রণালয় আশিয়ান সিটিকে করা অধিদফতরের জরিমানা ৫০ লাখ টাকা থেকে কমিয়ে পাঁচ লাখ টাকা নির্ধারণ করেছিল।

২ জানুয়ারির আদেশে আদালত জরিমানা কমিয়ে মন্ত্রণালয়ের দেওয়া আদেশও স্থগিত করেন।

আদালত একই সঙ্গে পরিবেশ অধিদফতরের দেওয়া আশিয়ান সিটির অবস্থানগত ছাড়পত্র, এর নবায়ন, আশিয়ান সিটি আবাসিক প্রকল্পকে দেওয়া রাজউকের অনুমোদন স্থগিত করেন।

পরে এ হাইকোর্টের এ আদেশ স্থগিত চেয়ে আশিয়ান সিটি চেম্বার বিচারপতির কাছে আবেদন করেন। কিন্তু চেম্বার বিচারপতি স্থগিতাদেশ না দিয়ে আপিল বিভাগে পাঠিয়ে দেন। রোববার আপিল বিভাগও হাইকোর্টের আদেশ স্থগিত করেন নি।

২ জানুয়ারি অন্তর্বর্তী আদেশ ছাড়াও আদালত ওই প্রকল্পকে দেওয়া অবস্থানগত ছাড়পত্র, এর নবায়ন, জরিমানা কমানো এবং রাজউক কর্তৃক অনুমোদন দান কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন।

একই সঙ্গে আশিয়ান সিটির উন্নয়ন করা এলাকাকে আগের অবস্থায় ফিরিয়ে আনার নির্দেশ কেন দেওয়া হবে না এবং কেন সকল অননুমোদিত প্রকল্প ভরাট কার্যক্রম, বিজ্ঞাপন প্রদান, প্লট বিক্রি বন্ধের নির্দেশ দেওয়া হবে না, তা-ও রুলে জানতে চান আদালত।

চার সপ্তাহের মধ্যে গৃহায়ণ সচিব, ভূমি সচিব, পরিবেশ সচিব, স্বরাষ্ট্র সচিব, তথ্য সচিব, রাজউক চেয়ারম্যান, ঢাকার জেলা প্রশাসক, পরিবেশ অধিদফতরের পরিচালক (তত্ত্বাবধায়ন ও বাস্তবায়ন) এবং আশিয়ান সিটির ব্যবস্থাপনা পরিচালককে রুলের জবাব দিতে বলা হয়েছে।

অ্যাডভোকেট ইকবাল কবির লিটন ওইদিন বাংলানিউজকে জানিয়েছিলেন, আদালত উত্তরার দক্ষিণখান মৌজায় অবস্থিত আশিয়ান সিটির আবাসিক প্রকল্পের মাটি ভরাট, বিজ্ঞাপন, প্লট বিক্রিসহ সব ধরনের কার্যক্রম বন্ধের নির্দেশ দেন। একই সঙ্গে রুলও জারি করেন। এছাড়াও কোনো বিলম্ব ছাড়াই আশিয়ান সিটির অনুমোদন সংক্রান্ত সকল কাগজপত্র আদালতে জমা দিতে বলা হয়। এ পর্যন্ত তারা কতগুলো প্লট বরাদ্দ দিয়েছে, তার একটি তালিকাও আদালতে দেওয়ার জন্য বলা হয়। বেসরকারি আবাসন প্রকল্প ভূমি উন্নয়ন নীতিমালা-২০০৪ সংশোধনের পর কতগুলো আবাসন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে, তার একটি তালিকা দিতে বলা হয়েছে রাজউক চেয়ারম্যানকে।

ইকবাল কবির লিটন আরো বলেন, ওই এলাকায় আশিয়ান সিটি প্রথম ৫৫ একর জমির ওপর অবস্থানগত ছাড়পত্র পায়। তখন আশিয়ানের পক্ষ থেকে বলা হয়েছিল, তারা কোনো জলাভূমি ভরাট করবে না। কিন্তু তারা কাগজপত্রে ৪৩ দশমিক ১১ একর দেখালেও প্রকল্পে মোট ২৩০ দশমিক ৪৬ একর জমি ভরাট করা হচ্ছে।

গত ২২ ডিসেম্বর আইন ও সালিশ কেন্দ্র (আসক), অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা), ব্লাস্ট, বাংলাদেশ পরিবেশ আন্দোলন, ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশ, নিজেরা করি, পরিবেশ বাঁচাও আন্দোলন এ রিটটি দায়ের করে।

বাংলাদেশ সময়: ১৩৫১ ঘণ্টা, জানুয়ারি ২০,২০১৩
এমইএস/আরআর; জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

অর্থনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান