নারায়ণগঞ্জ: ফতুল্লায় ঢাকা-নারায়ণগঞ্জ রেললাইনের স্লাবে আগুন ধরিয়ে দিয়েছে মুখোশধারী দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত পৌনে ৯টায় নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার ইসদাইর বটতলা পুল এলাকায় রেললাইনে আগুন ধরিয়ে দেওয়া হয়।
পরে স্থানীয় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ধাওয়া দিলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
এতে ট্রেন চলাচলে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি না হলেও যাত্রীদের মধ্যে দেখা দেয় আতঙ্ক।
ফতুল্লা ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক আনোয়ার প্রধান বাংলানিউজকে জানান, রাত পৌনে ৯টায় ৬-৭ জন দুর্বৃত্ত হঠাৎ করে ইসদাইর বটতলা এলাকায় অবস্থান নেয়। তারা আকস্মিকভাবে রেললাইনের ওপর পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে লাইনের একটি স্লাব পুড়ে যায়। পরে তারা ওই স্লাবটি খুলে পাশের পুকুরে ফেলে দেয়।
আনোয়ার জানান, এ সময় তিনি সহ আওয়ামী লীগের নেতাকর্মীরা ধাওয়া দিলে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়।
ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল আলম জানান, এলাকার লোকজনই আগুন নিভিয়ে ফেলেন। দুর্বৃত্তদের ধরা যায়নি। এ ঘটনায় ট্রেন চলাচলে কোনো বাধা সৃষ্টি হয়নি।
নারায়ণগঞ্জ কেন্দ্রীয় রেলস্টেশনের স্টেশন মাস্টার গোলাম মোস্তফা জানান, ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় রেলস্টেশন এলাকায় ঢাকামুখী একটি ট্রেন থেকে লাল স্কচটেপ মোড়ানো দুটি বস্তু উদ্ধার করা হয়। এ ঘটনায় দুপুর ১টা ৫০ মিনিট পর্যন্ত ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল।
বাংলাদেশ সময়: ০২০৮ ঘণ্টা, মার্চ ০১, ২০১৩
সম্পাদনা: সোহেলুর রহমান, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর