কুষ্টিয়া: লাগাতার লোডশেডিঙের প্রতিবাদে বুধবার বিকেলে কুষ্টিয়ার খোকসায় পল্লী বিদ্যুৎ আঞ্চলিক কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছে স্থানীয় জনতা।
চলতি বোরো মৌসুমের শুরু থেকেই এ উপজেলায় অনরবত লোডশেডিং চলছে।
গত কয়েকদিনে এ লোডশেডিঙের মাত্রা চরম পর্যায়ে পৌঁছায়।
স্থানীয়রা জানায়, ২৪ ঘণ্টায় খোকসায় বিদ্যুৎ থাকে মাত্র ৩ থেকে ৪ ঘণ্টা।
প্রয়োজনীয় বিদ্যুতের দাবিতে বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে এইচএসসি পরীক্ষার্থী ও জনতা উপজেলা পরিষদের কম্পাউন্ডে পল্লী বিদ্যুতের আঞ্চলিক কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয়।
এ সময় তারা সাংবাদিকদের জানায়, বিদ্যুৎ যদি না থাকে তাহলে খোকসায় বিদ্যুৎ কার্যালয়ের কী প্রয়োজন? তাই তারা কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছে।
এ ব্যাপারে পল্লী বিদ্যুতের স্থানীয় কর্মকর্তার সঙ্গে কথা বলার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জলিল ঘটনার সত্যতা স্বীকার করে বাংলানিউজকে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিদ্যুৎ কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২০৪৭ ঘণ্টা, মার্চ ২১, ২০১২
প্রতিবেদন: শরীফ বিশ্বাস
সম্পাদনা: কামরুন নাহার সুমি, নিউজরুম এডিটর/চূড়ান্ত সম্পাদনা: সাইফুল ইসলাম, কান্ট্রি এডিটর