৬ আষাঢ় ১৪২০, বৃহস্পতিবার জুন ২০, ২০১৩ ৩:৪২ পিএম BDST banglanew24
18 Feb 2013   10:41:38 PM   Monday BdST
E-mail this

ব্র্যাক ব্যাংকের আই-ব্যাংকিং নিয়ে প্রশ্ন!


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ব্র্যাক ব্যাংকের আই-ব্যাংকিং নিয়ে প্রশ্ন!

ঢাকা: অনলাইনে ব্যাংকিং সেবার নামে বিপুল সংখ্যক অ্যাকাউন্ট খোলার ব্যবস্থা করলেও তাদের পর্যাপ্ত নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে ব্র্যাক ব্যাংক। এতে  অ্যাকাউন্টে রাখা অর্থ হারাচ্ছেন গ্রাহক। আর সে অভিযোগ নিয়ে ব্যাংকে গিয়েও পাচ্ছেন না কোনো সদুত্তর বা সুরাহা। অনলাইন ব্যাংক ব্যবহারকারীদের কেউ কেউ ব্যাংকটির বিরুদ্ধেই আনছেন অভিযোগ। বলছেন, ব্যাংকটির কর্মকর্তারাই সরাসরি এই প্রতারণার সঙ্গে জড়িত।

একাধিক ভুক্তভোগী ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডার বাংলানিউজের কাছে তাদের অভিযোগ জানিয়েছেন। তাদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র জানিয়েছেন সোমবার তার অ্যাকাউন্ট থেকে ৫০ হাজার টাকা হারিয়েছেন।

মিজানুর রহমান নামের এই গ্রাহক জানিয়েছেন বোববার বিকেলে অনলাইনে একটি পেমেন্ট দেওয়ার চেষ্টা চালাতে গিয়ে তিনি জানতে পারেন, তার অ্যাকাউন্ট হ্যাকড হয়েছে এবং পাসওয়ার্ড পাল্টে দেওয়া হয়েছে।

প্রাথমিকভাবে বিষয়টি ধরা পড়লে তিনি দ্রুত নিকটস্থ এটিএম বুথে গিয়ে টাকা তোলার চেষ্টা করে দেখতে পান অ্যাকাউন্টে ৫০ হাজার টাকার বেশি থাকার কথা থাকলেও সেখানে রয়েছে মাত্র ২০০ টাকা।

মিজানুর রহমান জানান, তার ব্র্যাক ব্যাংক আ্যাকাউন্ট নাম্বার ২৪০১১০২৪৩৩১২৯০০১। অনেক কষ্ট করে রাত জেগে কাজ করে এই অ্যাকাউন্টে কিছু টাকা জমান। কিন্তু ব্র্যাক ব্যাংকের দূর্বল নিরাপত্তা ব্যাবস্থার জন্য তা খোয়া গেছে।

তিনি বলেন, রোববার রাত দশটার দিকে একটা পেমেন্ট দিতে গিয়ে বিষয়টি প্রথম ধরা পরে। পেমেন্ট দেওয়ার জন্য লগইন করতে চেষ্টা করে বারবার ভুল পাসওয়ার্ড দেখাতে থাকে। এক পর্যায়ে আমার ইন্টারনেট ব্যাঙ্কিং লকড হয়ে যায়। নিজের পাসওয়ার্ড ভুল হওয়ার কোনো কারণই ছিলো না। কিন্তু তখনও জানতাম না ইতোমধ্য আমার সর্বনাশ হয়ে গেছে।

মিজানুর রহমান বাংলানিউজকে বলেন, ইন্টারনেট ব্যাঙ্কিং এর মাধ্যমে ফান্ড ট্রান্সফার হলে মোবাইল ফোনে মেসেজ আসে, যেহেতু কোন মেসেজ আসেনি তাই ভয় পাবার কোন কারণ দেখলাম না।

কিন্তু ইমেইল ওপেন করে দেখি ব্র্যাক ব্যাংক থেকে নতুন মেইল: Dear Customer, Your A/C:2401102433129001 has been Debited by Tk 50000 For credit to A/C:1532102559472001

মিজানুর রহমান বলেন, এই মেইল দেখে আমার মাথা খারাপ হয়ে গেল। রাতেই দ্রুত ছুটে গেলাম এটিএম বুথে। অ্যাকাউন্টে মাত্র ২০০ টাকা আছে। দ্রুত ব্র্যাকের হেল্প লাইন ১৬২২১ এ ফোন দিলাম। তাৎক্ষণিকভাবে তারা iBanking বন্ধ করে রাখলো।

মিজানুর রহমান জানান, সোমবার দুপুরে ব্র্যাক ব্যাংকে গিয়ে তিনি কোনো সদুত্তর পাননি। এসময় তিনি ব্যাংকটির আই-ব্যাংকিংয়ের নিরপত্তাহীনতার কথাও তুলে ধরেন। মাহবুব জানান, আই ব্যাংকিংয়ে প্রতিবার লগইন করলে ফোনে বা ইমেইলে ভেরিফিকেশন কোড পাঠানো যেতো কিন্তু ব্র্যাক ব্যাংক তা করছেনা। ফান্ড ট্রান্সফারের সময়ও কোনো ভেরিফিকেশন কোড চেয়ে পাঠানো হয়না। এছাড়াও ব্র্যাক ব্যাংকে ইউজারনেম পরিবর্তন করা যায় না। পাসওয়ার্ড নিরাপদ করতে বিশ্বজুড়েই স্পেশাল ক্যারেক্টার, ইংরেজি অক্ষর ও সংখ্যার একটি মিশ্রণ রাখা হয়। ব্র্যাক ব্যাংকে তা হয় না। এখানে পাসওয়ার্ড কেবলই সংখ্যায়। এবং তা সর্বোচ্চ ৮ সংখ্যার।

মিজানুর রহমান বলেন, আমি মনে করি এতে পাসওয়ার্ড অবশ্যই অনিরাপদ থাকে।

মিজানুর রহমান অভিযোগ করেন, ব্যাঙ্কের কোনো অসাধু কর্মকর্তা এই ঘটনার সাথে জড়িত। এছাড়া অন্য কোনভাবেই ডাটা লিক হবার কথা নয়।

কম্পিউটারে ভাইরাস ঢুকে পড়তে পারে এমন সম্ভাবনা উড়িয়ে দিয়ে মাহবুব বলেন, রোববার রাত থেকে সোমবার সন্ধ্যা পর্যন্ত বিছানায় যাইনি। ৬ টা এন্টিভাইরাসের আপডেটেড ভার্সন দিয়ে ফুল পিসি স্ক্যান করিয়েছি। একটি ভাইরাসও পাইনি।

এদিকে আরও খোঁজ নিয়ে জানা গেছে ভোটার আইডি কার্ড ছাড়া, অসম্পূর্ণ তথ্য দিয়ে, নমিনির নাম না দিয়ে, ভূয়া ফোন নম্বর বা চিরতরে বন্ধ হয়ে যাওয়া সিমনম্বর দিয়ে অ্যাকাউন্ট করা এবং সেই অ্যাকাউন্টে আই-ব্যাংকিং করার ঘটনা অহরহ ঘটছে ব্র্যাক ব্যাংকে।

মিজানুর রহমান আলম একজন ফ্রিল্যান্সার। তিনি বলেন, আমি রাতের ঘুম হারাম করে সৎপথে উপার্জন করি। আমাদের অনেক কষ্টের টাকা। ব্র্যাক ব্যাংকের অনিরাপদ ব্যবস্থার কারণেই কষ্টে অর্জিত অর্থ হারালাম।

তিনি বলেন, শুধু আমি একা নই, অসংখ্য ফ্রিল্যান্সারই এই সমস্যার ভুক্তভোগী।

মিজানুর রহমানের এই ঘটনায় ক্ষিপ্ত হয়েছেন অন্যরাও। তাদের কেউ কেউ ব্র্যাক ব্যাংকের বিরুদ্ধে মামলা ঠুকে দিতে চাইছেন। কেউ বলছেন, বিষয়টি বাংলাদেশ ব্যাংককে জানানো উচিত।

রুবেল আহমেদ নামে একজন ফ্রিল্যান্সার বলেছেন, এটা হ্যাকারের কাজ নয় কোন ব্যাংক কর্মকর্তা করেছেন। কারণ টাকা পাঠানোর মেসেজ মোবাইল ফোনে না এসে শুধু ইমেইল এসেছে।

অন্য ব্যাংক আগে মোবাইল ফোনে কোড পাঠায় সেই কোড ব্যবহার করে টাকা পাঠাতে হয় জানিয়ে রুবেল আহমেদ প্রশ্ন তুলেছেন, ব্র্যাক ব্যাংক কেন এই সিস্টেম চালু করে না?

ব্র্যাক ব্যাংকের প্রতিবাদ
অনলাইন ব্যাংকিং বিষয়ে প্রকাশিত এ প্রতিবেদন ও ভুক্তভোগী গ্রাহকের অভিযোগের প্রতিবাদ করেছে ব্র্যাক ব্যাংক। মঙ্গলবার পাঠানো ব্যাংকটির হেড অব কমিউনিকেশন ও সার্ভিস কোয়ালিটি জীশান কিংশুক হকের সই করা এক বিবৃতিতে এ প্রতিবাদ করা হয়।

বিবৃতিতে বলা হয়, “ইন্টারনেট ব্যাংকিং বিষয়ে অভিযোগ পাওয়ার পর নিরাপত্তার জন্য ব্র্যাক ব্যাংক তাৎক্ষণিকভাবে গ্রাহক, মিজানুর রহমান, (অ্যাকাউন্ট নং- ২৪০১১০২৪৩৩১২৯০০১) ও বেনেফিসিয়ারি অ্যাকাউন্ট ফ্রিজ করে এবং তাৎক্ষণিকভাবে তদন্ত শুরু করে।”

এতে আরো বলা হয়, “অভিযোগকারী (মিজানুর রহমান) ব্যাংকের কল সেন্টারে ফোন করে অ্যাকাউন্ট ফ্রিজ না করতে অনুরোধ করেন, যে অনুরোধটি নিরাপত্তার স্বার্থে ব্যাংক রাখতে পারেনি। প্রাথমিক তদন্তে পাওয়া গেছে যে, গ্রাহক নিজে অ্যাকাউন্টটি পরিচালনা করছেন না এবং গ্রাহক নিজে অভিযোগও দাখিল করেননি, যা আইনসিদ্ধ নয়। অভিযোগে বলা হয়েছে আই-ব্যাংকিং-এ আলফানিউমেরিক পাসওয়ার্ড ব্যবহার করা যায় না যা সম্পূর্ণ ভিত্তিহীন। প্রকৃতপক্ষে গ্রাহক আট ডিজিটের আলফানিউমেরিক পাসওয়ার্ড ব্যবহার করতে পারেন।”

“আমরা সবসময় আই-ব্যাংকিং-এর ইউজার নেম ও পাসওয়ার্ড সুরক্ষিত রাখার জন্য গ্রাহকদের পরামর্শ দেই—ইমেইলে বা কোথাও লিখে না রাখা, ট্রানজ্যাকশন শেষ হবার পর লগ আউট করা, আই-ব্যাংকিং-এর ই-মেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ড নানা সময়ে পরিবর্তন করা। পাসওয়ার্ড সংরক্ষণের দায়িত্ব গ্রাহকের। পাসওয়ার্ড অন্য কেউ জেনে গেলে সেজন্য ব্যাংককে দায়ী করা যাবে না।”

ব্র্যাক ব্যাংক কর্তৃপক্ষ জানায়, “অভিযোগকারী মিজানুর রহমান অনলাইন মিডিয়াতে বিষয়টিকে উপস্থাপন করেছেন। এর ফলে অসংখ্য মানুষ আই-ব্যাংকিং ব্যবহার এবং এর পাসওয়ার্ড সংরক্ষণ বিষয়ে সচেতন হবেন। এজন্য আমরা অভিযোগকারীকে ধন্যবাদ জানাই। ব্র্যাক ব্যাংক সবসময় গ্রাহক স্বার্থ সংরক্ষণে সচেষ্ট। আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের জন্য ব্র্যাক ব্যাংক সবসময় আইটি ভিত্তিক সেবা নিয়ে আসে। তবে আই-ব্যাংকিংয়ের মতো আইটি ভিত্তিক সেবার ক্ষেত্রে ব্যাংকের পাশাপাশি গ্রাহককেও সচেতন হতে হবে। পাসওয়ার্ড সংরক্ষণে আরও সতর্কতা অবলম্বন করতে হবে।”

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৩‍
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

অর্থনীতি

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান