 |
ঢাকা:জামায়াত ইসলাম ও ইসলামী ছাত্র শিবিরের সহিংসতার ঘটনায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের চিহ্নিত বেশ কয়েকটি জেলার শতাধিক মসজিদ কড়া গোয়েন্দা নজরদারিতে রাখা হয়েছে। এছাড়া মসজিদ এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ ও র্যাব।
গোয়েন্দা সংস্থা সূত্র জানায়, তারা আশঙ্কা করছেন হচ্ছে জামায়াত শিবির জুমার নামাজের পরে নাশকতামূলক কর্মকাণ্ড ঘটাতে পারে।
সূত্র জানায়, শুক্রবার জুমার নামাজের পর নাশকতা এড়াতে রাজধানীর প্রতিটি মসজিদে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করছে সরকার। মুসল্লিদের নিরাপত্তায় মসজিদে প্রবেশকালে চালাচ্ছে বিশেষ তল্লাশি।
সরকার পুলিশের পাশাপাশি বিজিবির সদস্যদেরও মোতায়েন করেছে।
অপ্রীতিকর ঘটনা এড়াতে শুক্রবার জাতীয় মসজিদের উত্তর গেট বন্ধ করে দেওয়া হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের সিদ্ধান্তেই গেটটি বন্ধ করা হয়। মহাপরিচালক শামীম মোহাম্মদ আফজাল আগেই এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন।
গোয়েন্দারা জানান, জুমার নামাজের পর সকল মসজিদ থেকে জামায়াত-শিবির মিছিল করতে পারে এমন আশঙ্কা করে আইনশৃঙ্খলা বাহিনী সারা দেশের কয়েকটি জেলা ও উপজেলা শহর পর্যায়ের সব বড় মসজিদেও বাড়তি নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে। সাদা পোশাকের গোয়েন্দা পুলিশও কড়া নজরদারীতে রেখেছে।
ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র ও যুগ্ম কমিশনার (ডিবি) মনিরুল ইসলাম বলেন, “শুধু জুমার নামাজ নয়, এসএসসি পরীক্ষা, গণজাগরণ মঞ্চসহ কয়েকটি এলাকায় পুলিশ, মহানগর গোয়েন্দা, ৠাব ও বিজিবির নিরাপত্তা বলয় থাকছে। ধর্মকে ব্যবহার করে কেউ যাতে কোনো কিছু না ঘটাতে পারে সেজন্যও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”
সরেজমিনে দেখা যায়, বায়তুল মোকররম মসজিদের চারপাশের র্যাব, পুলিশ, বিজিবি ও গোয়েন্দা পুলিশ সর্তক অবস্থানে রয়েছে। আশপাশের এলাকাগুলোতে জামায়াত শিবিরের কোনো চোরাগোপ্তা হামলা হয় কি না সে তথ্য উদঘাটনে ব্যস্ত একাধিক গোয়েন্দা সংস্থার সদস্যরা।
এছাড়াও রাজধানীর হাইকোর্ট মসজিদ, মৎসভবন, কাকরাইল মসজিদ, সাতরাস্তা, যাত্রাবাড়ী, বাড্ডা, মহাখালী, মালিবাগ আবুল হোটেলে, ধানমন্ডির স্টার কাবাব, কাঁটাবন মোড়সহ গোটো ডিএমপি এলাকার গুরুত্বপূর্ণ স্থান ও মোড়ে মোড়ে ব্যাপক সংখ্যক পুলিশ সদস্য দেখা গেছে।
জানা গেছে, নিরাপত্তার দিক থেকে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও রাজশাহীর পরেই গাজীপুর জেলাকে নিরাপত্তায় বিশেষ নজরদারীতে রাখা হচ্ছে। রাজধানী ঢাকা ছাড়াও এর আশপাশের টঙ্গী, শ্রীপুর, কালিয়াকৈর, কাপাসিয়া, কালিগঞ্জ থানা এলাকার প্রধান প্রধান মসজিদে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১২১৯ ঘণ্টা, মার্চ ০১, ২০১৩
এমএম/সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর; নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর; এমএমকে