 |
ঢাকা: গত সাপ্তাহিক ছুটির দিবসটি স্মরণীয় করে রেখেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। রোববার সাবেক বিশ্বসেরা গলফ তারকা টাইগার উডসের সঙ্গে গলফ খেলেছেন তিনি।
প্রতিযোগিতায় নামার আগ নিজেকে ঝালিয়ে নেন ওবামা। ফ্লোরিডায় একটি বিলাসবহুল অবকাশযাপন কেন্দ্রে খেলার আগের দিনটি কাটান।
দীর্ঘ প্রতীক্ষার পর টাইগার উডসের সঙ্গে রোববার প্রথম রাউন্ডের ম্যাচ খেলেন ওবামা। কিন্তু রাজনীতি বিটের সংবাদদাতারা তার সফরসঙ্গী থাকলেও তাদের তা কভার করতে দেওয়া হয়নি।
ওই ম্যাচের সংবাদ কভার করতে শুধু গলফ বিটের একজন সাংবাদিককে অনুমতি দেওয়া হয়েছিল।
রোববার হোয়াইট হাউস সংবাদদাতারা এ অভিযোগ করেছেন। হোয়াইট হাউস করেসপন্ডেন্টস এসোসিয়েশনের প্রেসিডেন্ট এড হেনরি বলেন, “এসোসিয়েশনের পক্ষ থেকে আমি জানাচ্ছি যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের পুরো সাপ্তাহিক ছুটির বিষয়ে প্রবেশাধিকার না দেওয়ায় মুদ্রণ, রেডিও, অনলাইন ও টেলিভিশনের সংবাদদাতারা প্রচণ্ড হতাশা প্রকাশ করেছেন।”
তিনি জোর দিয়ে বলেন, “এটি খুব সামান্য বিষয় কিন্তু গুরুত্বপূর্ণ নীতি স্বচ্ছতার জন্য আজকে থেকে আমরা লড়াই অব্যাহত রাখব এবং আগামী দিনগুলোতে থাকবে।”
গলফ বিটের ওই সাংবাদদাতার টুইট এবং টেলিভিশনে সাক্ষাৎকার দেওয়ার বিষয়টি রাজনীতি বিটের সংবাদদাতাদের বেশ চটিয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর, eic@banglanews24.com