ঢাকা: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও গিয়াস উদ্দিন আল মামুনের অর্থপাচার মামলার সাক্ষি সাবেক সাবেক ডিবি ইন্সপেক্টর বর্তমানে ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর আলীমুজ্জামানকে ফের আংশিক জেরা করেছেন গিয়াস উদ্দিন আল মামুনের আইনজীবী।
এর আগে গত ১৯ এপ্রিল সাক্ষিকে আংশিক জেরা করা হয়েছিল। সাক্ষ্যগ্রহণকালে আসামি মামুনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।
বৃহস্পতিবার ঢাকা বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া সাক্ষিকে জেরা করেন। জেরায় তিনি সাক্ষিকে ৩ টি প্রশ্ন করার পর গুলশান থানার ৯(৫)০৭ নম্বর মামলার ডকেট দেখার জন্য সময়ের প্রার্থণা করেন।
ঢাকার তিন নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. মোজাম্মেল হোসেইন সাক্ষির আংশিক জেরা শেষে বাকী জেরার জন্য আগামি ৬ মে দিন নির্ধারণ করেছেন।
ইন্সপেক্টর মীর আলীমুজ্জামান ছিলেন মামুনের বিরুদ্ধে দায়ের করা গুলশান থানার ৯(৫)০৭ নম্বর চাঁদাবাজির মামলার তদন্ত কর্মকর্তা। ওই মামলার তদন্ত করতে গিয়ে তারেক রহমান ও গিয়াস উদ্দিন আল মামুনের মানিলন্ডারিং এর সন্ধান পান। তার প্রতিবেদনের ভিত্তিতে এ মামলাটি দায়ের করে দুদক।
মামলাটিতে এ পর্যন্ত ৫ জন সাক্ষ্য দিয়েছেন। তবে এ পর্যন্ত ৩ জনের জেরা শেষ হয়েছে। এরা হলেন, মার্কিন গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অফ ইনভেসটিগেশনের (এফবিআই) এজেন্ট মিস ডেবরা লেপরোভেটি, মামলার বাদী দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মোহাম্মদ ইব্রাহিম ও মামলার নিবন্ধন কর্মকর্তা ক্যান্টনমেন্ট থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক হোসনে আরা বেগম।
সাবেক ডিবি ইন্সপেক্টর বর্তমানে ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর আলীমুজ্জামান ও গুলশান থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল উদ্দিন মামলায় জবানবন্দী দিলেও জেরা শেষ হয়নি।
উল্লেখ্য, টঙ্গীর বিসিক শিল্প এলাকায় একটি ৮০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কার্যক্রম শুরু হলে গিয়াস উদ্দিন আল মামুন তার ঘনিষ্ট বন্ধু ও ব্যবসায়িক পার্টনার তারেক রহমানের মাধ্যমে কার্যাদেশ পাইয়ে দেবার কথা বলে নির্মান কনস্ট্রাকশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক খাদিজা ইসলামের কাছ থেকে ২০০৩ সালের ১ জানুয়ারি হতে ২০০৭ সালের ৩১ মে পর্যন্ত সময়ে ২০ কোটি ৪১ লাখ ২৫ হাজার ৮৪৩ টাকা গ্রহণ করে তা বিদেশে পাচার করেন।
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও তার বন্ধু মামুনের বিরুদ্ধে ২০০৯ সালের ২৬ অক্টোবর ক্যান্টনমেন্ট থানায় মামলাটি করেন দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মোহাম্মদ ইব্রাহিম।
গত বছরের ৬ জুলাই তিনি তারেক ও মামুনকে অভিযুক্ত করে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।
তারেক রহমানকে পলাতক দেখিয়ে গত বছরের ৮ আগস্ট গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন একই আদালত। ওইদিন তারেক ও মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১২
এমআই/সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, সিনিয়র নিউজরুম এডিটর