গাজীপুর: গাজীপুরে ব্যবসা প্রতিষ্ঠান থেকে প্রকাশ্য দিবালোকে অস্ত্রের মুখে ৩৪ লাখ ৭৮ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
সোমবার সকাল সাড়ে ১০টায় গাজীপুর সদর উপজেলার বোর্ড বাজারে মেসার্স আর পি ট্রেডার্সে ওই ঘটনা ঘটে।
আর পি ট্রেডার্সের মালিক রতন মল্লিক জানান, ব্যবসায়িক প্রয়োজনে বৃহস্পতিবার তিনি ক্যাশ বাক্সে ৩৪ লাখ ৭৮ হাজার ৩শ’ টাকা জমা রাখেন। সোমবার সকাল সাড়ে ১০টায় টাকা ব্যাংকে জমা রাখার প্রস্তুতি নেওয়ার সময় ৮/১০ জন দুর্বৃত্ত তার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করে অস্ত্রের মুখে ওই টাকা নিয়ে পালিয়ে যায়।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন(র্যাব)-১ এর শিমুলতলি ক্যাম্পের অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে এর সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১২১৭ ঘন্টা, মার্চ ১৮, ২০১৪
রিপন আনসারী/ সম্পাদনা: রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর