আদিতমারী(লালমনিরহাট): লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের কাছে সোমবার বিকেলে ৪ বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ।
এরা হলেন, লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের মুঙ্গলিবাড়ি গ্রামের মজিবর হোসেনের ছেলে ইমরান হোসেন (২৫), কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার বছির উদ্দিনের ছেলে ফেরদৌস হোসেন (৩২), নীলফামারী জেলার ডিমলা উপজেলার ফজলার মন্ডলের ছেলে বিরাজ মণ্ডল (২৫) ও একই জেলার ডোমার উপজেলার পূর্বহলহলিয়া গ্রামের জহুরুল হক খানের ছেলে মশিয়ার হক খান (২০)।
বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশনের সহকারী উপ পরিদর্শক (এএসআই) আবুল কালাম আজাদ বাংলানিউজকে জানান, অবৈধ ভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে বিভিন্ন মেয়াদে কারাভোগের পর সোমবার বিকেলে ৪ বাংলাদেশি নাগরিককে ফেরত দিয়েছে ভারতীয় পশ্চিমবঙ্গ রাজ্যের কুচবিহার জেলার চ্যাংরাবান্ধা ইমিগ্রেশন পুলিশ।
এ সময় বুড়িমারী ইমিগ্রেশনের ইনচার্জ সরওয়ার পারভেজ ও ভারতীয় পশ্চিমবঙ্গ রাজ্যের কুচবিহার জেলার চ্যাংরাবান্ধা ইমিগ্রেশনের ইনচার্জ সেন বাবুসহ উভয় দেশের বিভিন্ন পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দেশে ফিরে আসা ৪ বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতীয় পশ্চিমবঙ্গ রাজ্যের কুচবিহার ও জলপাইগুড়ি কারাগারে বিভিন্ন মেয়াদে সাজা ভোগ করেন।
বাংলাদেশ সময়: ২২২০ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৩
খোরশেদ আলম সাগর/সম্পাদনা: শামীম হোসেন, নিউজরুম এডিটর