আগরতলা (ত্রিপুরা): বিধানসভার অধিবেশন বয়কটের সিদ্ধান্ত নিলো বিরোধী দল কংগ্রেস।
বিধানসভার নির্বাচন শেষে নতুন মন্ত্রিসভা শপথ নিয়ে দায়িত্ব গ্রহণের পর শুক্রবার থেকে রাজ্যে একাদশ বিধানসভার অধিবেশন শুরু হয়েছে।
কিন্তু প্রথম দিন অধিবেশনে যোগ দিয়েই কংগ্রেস ঘোষণা করেছে তারা একাদশ বিধানসভার প্রথম দফার অধিবেশনে আর উপস্থিত থাকবে না, অধিবেশন বয়কট করবেন তারা।
কংগ্রেস বিধায়ক তথা দলের রাজ্য সভাপতি সুদীপ রায় বর্মণ এই ঘোষণা দেন। রাজ্যে নির্বাচনোত্তর সন্ত্রাসের প্রতিবাদে তারা অধিবেশন বয়কট করছেন বলে জানান তিনি।
সুদীপ বর্মণ বলেন, “এখন বিধানসভায় বসার চেয়ে আক্রান্ত মানুষের পাশে দাঁড়ানোই বেশি প্রয়োজন।”
দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, রাজ্যে সন্ত্রাসী হামলায় আক্রান্ত কংগ্রেস দলের কর্মী সমর্থকরা।
তারা অভিযোগ করে বলেন, খুন, ধর্ষণ ও অগ্নিসংযোগের মত ঘটনা বেড়েই চলেছে।এ বিষয়ে পুলিশ মামলা নিচ্ছে না বলে অভিযোগ করেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ।
মুখ্যমন্ত্রী মানিক সরকার এ অভিযোগ অস্বীকার করে বলেন, “আমরা প্রয়োজনীয় সব ধরণের ব্যবস্থা নিচ্ছি। পুলিশকে বলা হয়েছে ব্যবস্থা নিতে। আট জেলার জেলা শাসকদের বলা হয়েছে যেখানেই নির্বাচন উত্তর সন্ত্রাসের খবর পাওয়া যাচ্ছে সেখানে গিয়ে তা দেখতে। ঘটনা সত্যি হলে সরকারি সাহায্য দেওয়ার কথাও বলা হয়েছে জেলা শাসকদের।”
বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৩
সম্পাদনা: মীর সানজিদা আলম, নিউজরুম এডিটর