সংসদ ভবন থেকে: জামায়াত নিষিদ্ধের সঙ্গে সঙ্গে তাদের আর্থিক প্রতিষ্ঠান বন্ধের দাবি জানিয়েছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।
মঙ্গলবার রাতে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি একথা বলেন।
তিনি বলেন, “জামায়াত নিষিদ্ধের সঙ্গে সঙ্গে তাদের আর্থিক প্রতিষ্ঠান বন্ধ করতে হবে। বাংলাদেশে মৌলবাদের অর্থনীতি বন্ধ করতে হবে। এ অর্থের উৎস বন্ধ করে দিতে পারলে তারা আর তাণ্ডব চালাতে পারবে না।”
মেনন বলেন, “পঞ্চম সংশোধনী বাতিলের পর সুযোগ এসেছিলো বাহাত্তরের সংবিধানে ফিরে যাওয়ার। কিন্তু বাস্তবতার নাম করে জিয়া-এরশাদের সংশোধনী বহাল রাখা হয়েছে। যার খেসারত দিতে হচ্ছে।”
তিনি বলেন, “শাহবাগের নতুন যুদ্ধকে কেন্দ্র করে গড়ে উঠেছে তারুণ্যের প্রাণ। মুক্তিযুদ্ধের অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য। শাহবাগের প্রজন্ম চত্বরকে ঘিরে গড়ে উঠেছে জাতীয় ঐক্য। যুদ্ধাপরাধীদের বিচার রুখতে আর্ন্তজাতিক মিডিয়াগুলোকে কিনে নেওয়া হয়েছে। তা করেই তারা ক্ষান্ত হয়নি, তারা এখন পুলিশ বাহিনীকে নির্মমভাবে আক্রমণ করছে।”
সাঈদীকে চাঁদে দেখা গেছে ফেসবুকের এমন প্রচারণা ব্যঙ্গ করে তিনি বলেন, “যদি তাই হয়ে থাকে তবে সাঈদী হচ্ছে প্রথম নভোচারি। যিনি বাংলাদেশ থেকে চাঁদে গিয়েছেন। এ ধরনের ধর্ষকদের চাঁদে অবতরণে চাঁদের বুড়িও ভয় পাবে।”
বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৩
এসএইচ/এসএআর/সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর/জেডএম