নোয়াখালী: নোয়াখালীতে মঙ্গলবার প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে হকার মুক্ত করা হয়েছে। অন্যদিকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বিভিন্ন স্থান থেকে আসা গাড়ির কারণে শহরে তীব্র যানজট দেখা দিয়েছে।
সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত জেলা প্রশাসনের পক্ষ থেকে এ অভিযান পরিচালিত হয়।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, রাস্তার দু’পাশে হকার বসার কারণে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে যানজটের আশঙ্কায় তাদের উচ্ছেদ করা হয়েছে।
তবে, ভ্রাম্যমাণ হকাররা তাদের আগে কোনো নোটিশ না দিয়ে উচ্ছেদ করার কারণে তাদের বিশাল ক্ষতি হয়েছে বলেও দাবি করেছে।
জানা যায়, নোয়াখালী শহরে ছোট বড় মিলে প্রায় ৫ শতাধিক হকার রয়েছে। এদের বেশির ভাগই শহরের প্রধান সড়কের দুই পাশে অবস্থান করে। অনেকটা ছিন্নমুল মানুষের মতো তাদের ব্যবসা। কেউ কেউ এখানে ব্যবসা করে বিশাল একটি পরিবারের ভরণ পোষণ বহন করেন।
হকার আলী আক্কাছ ক্ষোভ প্রকাশ করে বলেন, “অনেক বছর থেকে এখানে ব্যবসা করে পরিবারের ভরণ পোষণ করি। প্রধানমন্ত্রী কি শুধু জেলা প্রশাসনের। প্রধানমন্ত্রী আমাদেরও। উন্নয়নের স্বার্থে আমরা এক। আমাদের জানিয়ে উচ্ছেদ করলে এতো ক্ষতি হতো না।”
সুধারাম মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বাংলানিউজকে জানান, শহরে যানজট কমানো ও প্রধানমন্ত্রীর জনসভার নিরাপত্তার জন্য তাদের সাময়িক সরিয়ে দেওয়া হয়েছে।”
বাংলাদেশ সময়: ২২২৭ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৩
সম্পাদনা: শামীম হোসেন, নিউজরুম এডিটর