 |
ঢাকা: খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের বাঁচাতে ত্রাণকর্তা হিসেবে মাঠে নেমেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম।
মঙ্গলবার বিকেলে মিরপুর-১০ নম্বর প্রজন্ম চত্বরে কেন্দ্রীয় ১৪ দল আয়োজিত বিক্ষোভ-সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
মোহাম্মদ নাসিম বলেন, “যুদ্ধাপরাধী জামায়াত নেতাদের মুক্ত করতে জামায়াতের সঙ্গে লেজুড় করে হরতাল কর্মসূচি দিয়ে মাঠে এসেছেন। খালেদা জিয়া এখন স্বাধীনতাবিরোধী শক্তির ত্রাণকর্তা।”
তিনি বলেন, “খালেদা জিয়ার নির্দেশে সারাদেশে গত কয়েকদিনে জামায়াত-শিবির নারকীয় তাণ্ডব চালিয়েছে। খালেদার বক্তব্যে প্রমাণিত হয়েছে যে, বিএনপি ও জামায়াত এক। এরা গণতন্ত্র ধ্বংস করে বাংলাদেশকে পাকিস্তান বানাতে চায়।”
নাসিম বলেন, ‘জামায়াত-শিবিরের তাণ্ডব কঠোর হস্তেই মোকাবিলা করা হবে। বাংলাদেশকে পাকিস্তান ও আফগান্তিস্থান হতে দেওয়া হবে না। আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল রাজপথে থেকে তাদের প্রতিহত করবে।”
স্থানীয় সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মকবুল হোসেন, মতিউর রহমান মাইকেল, মইনুল হোসেন নিখিল প্রমুখ।
বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৩
এমইউএম/সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর/জেডএম