হুমায়ূন আহমেদ তাকে নুহাশপল্লীতে দাফনের কথা বলে গেছেন মর্মে মেহের আফরোজ শাওন যে বক্তব্য দিয়েছেন তাতে বিস্ময় প্রকাশ করেছেন তাদের ঘনিষ্ঠ নিউইয়র্কপ্রবাসী কয়েকজন বিশিষ্ট বাংলাদেশি।
জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. আব্দুল মোমেনের স্ত্রী সেলিনা মোমেন শাওনের বক্তব্যে বিস্ময় প্রকাশ করে বলেন, ``শনিবার হুমায়ূন আহমেদের মরদেহ দেশে নিয়ে যাওয়ার প্রাক্কালে জেএফকে (জনএফকনেডি) বিমানবন্দরে প্রকাশ্যে মেহের আফরোজ শাওন লাশ দাফনের ব্যাপারে হুমায়ূন আহমেদ কিছুই বলে যাননি বলেই জানিয়েছিলেন। অথচ ঢাকায় গিয়ে শাওন বললেন, হুমায়ূন আহমেদ নুহাশপল্লীতে সমাহিত হবার ইচ্ছের কথা বলে গেছেন।``
সেলিনা মোমেন বলেন, ``শাওনকে এবিষয়ে প্রশ্ন করার সময় সেখানে আমি ছাড়াও হুমায়ূন আহমেদের চিকিৎসার সঙ্গে সংশ্লিষ্ট নিউইয়র্কে মুক্তধারার প্রধান বিশ্বজিৎ সাহা, তার স্ত্রী রুমা সাহা এবং সাপ্তাহিক বাংলা পত্রিকার সাবেক চিফ রিপোর্টার ও ইটিভির নিউইয়র্ক প্রতিনিধি শাখাওয়াত হোসেন সেলিম উপস্থিত ছিলেন।``
সবার সামনেই তাকে লাশ দাফনের বিষয়ে প্রশ্ন করা হলে শাওন বলেন, ``হুমায়ূন আহমেদ এবিষয়ে কিছুই বলে যাননি। এজন্য দেশে গিয়েই সিদ্ধান্ত হবে।``
এবিষয়ে সাংবাদিক শাখাওয়াত হোসেন সেলিম বলেন, ``শাওন বললেন, হুমায়ূন আহমেদ কিছু বলে যাননি। তাই তিনি বলতে পারছেন না দাফন কোথায় হবে। তবে তার এই কথা রেকর্ড করতে গেলেই বাধা দেন শাওনের মা তহুরা আলী। তিনি বলেন, এখন কোনো কথা রেকর্ড করা যাবে না। শাওনকে তিনি বারণ করেন এবিষয়ে কোনো কথা বলতে।``
এবিষয়ে হুমায়ূন আহমেদের চিকিৎসার সাথে জড়িত বিশ্বজিৎ সাহার বত্তব্য জানতে চাইলে তিনি বলেন, ``শাওনের বক্তব্য আমাকে বিস্মিত ও স্তম্ভিত করেছে। কারণ বিমানবন্দরে শাওন প্রকাশ্যে বললেন, লাশ দাফনের বিষয়ে হুমায়ূন আহমেদ কিছুই বলে যাননি। কিন্তু দেশে গিয়েই তিনি একেবারেই উল্টো কথা বললেন।``
বিশ্বজিৎ সাহা বলেন, ``গত ৯ মাস আমরা চিকিৎসার কারণে কাছাকাছি ছিলাম। কিন্তু শাওন এধরনের কথা কখনো বলেননি। ড. হুমায়ূন আহমেদও আমাদের দাফন নিয়ে কোন নির্দেশনা দেননি।``
বিশ্বজিৎ সাহার স্ত্রী রুমা সাহা বলেন, ``আমরা স্যারের মরদেহ ও শাওনকে বিদায় দিতে বিমানবন্দরে গেলাম। সেখানে শাওন সবার সামনেই জানিয়েছেন স্যার দাফনের বিষয়ে কোনোকিছু বলে যাননি। পরে দেশে ফিরে তিনি একেবারেই অন্য কথা বললেন। এটা বিস্ময়ের।``
অবশ্য শাওনের মা তহুরা আলী দ্রুত এসে শাওনকে যে থামিয়ে দিয়ে নিয়ে যান সে কথাও জানান রুমা সাহা।
বাংলাদেশ সময় ১৩২১ ঘণ্টা, জুলাই ২৫, ২০১২
এমএমকে
সম্পাদনা:জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটরjewel_mazhar@yahoo.com