রাবি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০০৮-০৯ শিক্ষাবর্ষের মাস্টার্স শেষ বর্ষের চূড়ান্ত পরীক্ষা ও পুলিশের সাব ইন্সপেক্টর পদের নিয়োগ পরীক্ষার তারিখ একই দিনে অনুষ্ঠিত হওয়ার ঘোষণা দেওয়ায় তা পরিবর্তনের দাবি জানিয়েছেন ওই বর্ষের শিক্ষার্থীরা।
বুধবার বিকেল ৩টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা এ দাবি জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শিক্ষার্থীরা উল্লেখ করেন, গত ৭ জুন ২০১২ জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে মাস্টার্স শেষ বর্ষের চূড়ান্ত পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে।
রুটিন অনুযায়ী, পরীক্ষা আগামী ১০ জুলাই থেকে শুরু হয়ে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।
আবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে পুলিশের সাব ইন্সপেক্টর পদের নিয়োগ বিজ্ঞপ্তি ৪ জুলাই দৈনিক ইত্তেফাক পত্রিকায় প্রকাশিত হয়েছে, যার লিখিত পরীক্ষার তারিখ ১৩ জুলাই অনুষ্ঠিত হবে।
এই পরিস্থিতিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওই বর্ষের অনেক শিক্ষার্থী পুলিশের সাব ইন্সপেক্টর পদের নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না।
সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা কর্তৃপক্ষকে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে যে কোনো পরীক্ষার তারিখ পরিবর্তনের দাবি জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন- রাজশাহী কলেজের মাস্টার্সের শিক্ষার্থী আমীর হোসেন।
এ সময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন বিভিন্ন কলেজের মাস্টার্সের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, জুন ১৩, ২০১২
সম্পাদনা: শাফিক নেওয়াজ সোহান, নিউজরুম এডিটর