সংসদ ভবন থেকে: দেশের রাষ্ট্রয়াত্ব ১৫টি চিনিকল ২০১১-১২ অর্থবছরে ৩৩৫ কোটি ৯৬ লাখ টাকা লোকসান দিয়েছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী দিলীপ বড়–য়া।
বৃহস্পতিবার জাতীয় সংসদে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তরে শাহরিয়ার আলমের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, ২০১১-১২ অর্থবছরে পঞ্চগড় চিনি কলের লোকসান হয়েছে ১৯ কোটি ৮৪ লাখ টাকা, ঠাকুরগাঁও চিনি কলের ২৭ কোটি ১৪ লাখ, সেতাবগঞ্জ ২৩ কোটি ৪ লাখ, শ্যামপুর ১৮ কোটি ৭১ লাখ, রংপুর ১৯ কোটি ২০ লাখ, জয়পুরহাট ২৬ কোটি ৩৪ লাখ, রাজশাহী ২৬ কোটি ২৬ লাখ, নাটোর ২২ কোটি ৬৪ লাখ, নর্থবেঙ্গল ২০ কোটি ৯৭ লাখ, পাবনা ২২ কোটি ২ লাখ, কুষ্টিয়া ২৬ কোটি ১ লাখ, কেরু অ্যান্ড কোং (বাংলাদেশ) লিমিটেড ২৮ কোটি ১ লাখ, মোবারকগঞ্জ ২২কোটি ৭০ লাখ, জিলবাংলা ১৩ কোটি ৮০ লাখ, ফরিদপুর ১৯ কোটি ১ লাখ টাকা লোকসান দিয়েছে।
তবে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের (বিএসএফআইসি) ১৭টি প্রতিষ্ঠানের বাকী ২টি প্রতিষ্ঠান কেরু ডিস্ট্রিলারী ইউনিট ও যজ্ঞেশ্বর অ্যান্ড কোং যথাক্রমে ৫০ কোটি ৮০ লাখ টাকা ও ১ কোটি ৫৭ লাখ টাকা লাভ করেছে বলে শিল্পমন্ত্রী জানান।
একই প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনের (বিএসইসি) এর নিয়ন্ত্রণাধীন ৯টি প্রতিষ্ঠান লাভ করেছে ৭৭ কোটি ৭২ লাখ টাকা।
বিএনপির অনুপস্থিত সদস্য নাজিম উদ্দিন আহমেদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বিএসইসি এর নিয়ন্ত্রণাধীন ১৩টি প্রতিষ্ঠানের মধ্যে ৯টি চালু রয়েছে। বাকী ৪টি প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। বেকার সমস্যা সমাধানে বন্ধ থাকা চিটাগাং কেমিক্যাল কমপ্লেক্স, খুলনা নিউজপ্রিন্ট মিল এবং নর্থ বেঙ্গল পেপার মিল পুনঃচালুকরণের কাজ প্রক্রিয়াধীন রয়েছে।
বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৩
এসএইচ/সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর