 |
| ছবি: আশিক / বাংলানিউজটোয়েন্টিফোর.কম |
ঢাকা: রাস্তায় আদালত বসিয়ে বিচার শুরু করলে আইনের শাসন থাকবে না বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার (অব.) আ.স.ম. হান্নান শাহ।
রাস্তায় বিচারের দাবিতে আন্দোলনকারীদের আশকারা দিলে সরকারের ভূমিকায় কনফিউশন থাকবে বলেও মন্তব্য করেন তিনি।
রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভি আই পি লাউঞ্জে এক গোলটেবিল আলোচনায় হান্নান শাহ এ মন্তব্য করেন।
‘জাতীয় সংকট নিরসনে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজনীয়তা’ শীর্ষক এই আলোচনা আয়োজন করে জাতীয় অল কমিউনিটি ফোরাম নামে এক সংগঠন।
হান্নান শাহ বলেন, ‘‘এতো কিছুতো লাগবে না, আপনারা রাস্তায় বিচার করে ফেলবেন। ফ্রান্সের উদাহরণ দিয়েছেন। চক্ষু বন্ধ করে ভাবুনতো, বাংলাদেশের সব মানুষ যদি রাস্তায় বসে বিচার শুরু করে, ট্রেন্ডার বাজি যারা করে, নারী ধর্ষণ যারা করে, অন্য দলের ওপর আক্রমণ যারা করে, সবার বিচার যদি রাস্তায় করা শুরু হয় তাহলে দেশের কী হবে? দেশে আইনের শাসন থাকবে?’’
সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, ‘‘এমনিতেই দেশে আইনের শাসন নেই, তার ওপর আপনারা যদি এভাবে সবাইকে আশকারা দেন, তাহলে কনফিউশন থাকবে। পরিস্থিতি আরো খারাপ হবে।”
হান্নান বলেন, ‘‘শাহবাগের ঘটনা দিয়ে সবকিছু বিবেচনা করতে চাই না। এটা একটা ইস্যু। এরকম আরো অনেক গুরুত্বপূর্ণ ইস্যু রয়েছে। সরকার সব বিষয়ে ব্যর্থ।’’
তিনি বলেন, ‘‘আমি যুদ্ধাপরাধীদের নিয়ে বেশি কথা বলি না। আমি মনে করি, যুদ্ধাপরাধীদের বিচার ও ট্রাইব্যুনাল নিয়ে বর্তমানে যে অবস্থা সৃষ্টি হয়েছে, তার জন্য সরকারই দায়ী। আমরা কিছু বললে বলবে- আদালত অবমাননা করেছি।’’
সরকারের মন্ত্রী এমপিদের সমালোচনায় তিনি বলেন, ‘‘তাদের ঘাড় বাঁকা, কিংবা অন্য কিছু খেতে খেতে ঘাড় মোটা হয়ে গেছে।’’
হান্নান শাহ বলেন, ‘‘আমাদের দরকার নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার। কারণ, আমরা এই সরকারকে বিশ্বাস করি না। যারা এই প্রথাটি বাতিল করেছেন, উদ্দেশ্যপ্রণোদিত ও হীন উদ্দেশ্যে করেছেন।”
হান্নান বলেন, ‘‘আমরা অনেক ধৈর্য ধরে আছি, কবে এই সরকার থেকে তত্ত্বাবধায়ক সরকারের দাবি প্রতিষ্ঠা করবো।’’
আয়োজক সংগঠনের সভাপতি আলহাজ্ব কামাল উদ্দিনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন- বাংলাদেশ বার কাউন্সিলের সহ-সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট আহমেদ আযম খান, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপি’র অর্থ বিষয়ক সম্পাদক আবদুস সালাম, ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৩৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৩
এসকেএস/জেডএম