 |
ঢাকা: সিরিয়ার বিদ্রোহীরা আলেপ্পোর প্রদেশের খান তোমান গ্রামের অস্ত্রাগার দখল করেছে। অস্ত্রাগারের নিয়ন্ত্রণ হারানোর বিষয়টি জানিয়েছে সরকারি সামরিক বাহিনীর একটি সূত্র।
রোববার ওই সূত্র সংবাদ সংস্থা এএফপিকে জানায়, তিন দিনের বেশি তুমুল সংঘর্ষের পর শনিবার দক্ষিণাঞ্চলীয় আলেপ্পো প্রদেশের খান তোমান গ্রামে মজুদ রাখা অস্ত্র ও গোলাবারুদ নিজেদের দখলে নিয়েছে বিদ্রোহীরা।
তবে অস্ত্রাগারে অল্প সংখ্যক অস্ত্র ও গোলাবারুদ রয়েছে। চার মাস আগে মূল গোলাবারুদের বাকসগুলো সরিয়ে নেওয়া হয়েছে বলে জানায় সূত্র।
কিন্তু বিদ্রোহীরা দাবি করেছে, অস্ত্রাগারটিতে ‘বিপুল পরিমাণ’ অস্ত্রের মজুদ রয়েছে।
অনলাইনে পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, বিদ্রোহী যোদ্ধারা অস্ত্রাগারের একটি কোণে অসংখ্য অস্ত্র ও গোলাবারুদ নেড়ে নেড়ে দেখছে।
ভিডিও ধারণকারী ব্যক্তি বলেছেন, “এগুলো (সিরিয়ার প্রেসিডেন্ট) বাশার আল-আসাদের কাছ থেকে লুটের মাল।”
একথা বলার পর ক্যামেরা ফের অস্ত্রের দিকে ঘুরিয়ে বলেন, “ রকেট, এগুলো ধারণ কর। এগুলো (রকেট) ১০৭-এমএম ক্যালিবার, ইরানের তৈরি। এগুলো হচ্ছে সেই রকেট যেগুলো দিয়ে বাশার আল-আসাদ আমাদের ওপর হামলা করছে।”
ভিডিওটিতে বলা হয়েছে, মার্টারস অব সিরিয়া ও হিত্তিন ব্রিগেডস এ দখল অভিযান চালিয়েছে।
অস্ত্রাগার নিয়ন্ত্রণে নেওয়ার বিষয়টি সিরিয়ার অবজারভেটরি ফর হিউম্যান রাইটস ওয়াচও জানিয়েছে। শনিবার সংস্থাটি জানায়, খান তোমান এলাকায় সরকারি বাহিনী ও বিদ্রোহী যোদ্ধাদের মধ্যে তীব্র সংঘর্ষ চলছে।
সিরিয়ার সরকার বিদ্রোহীদের ওপর ‘গুচ্ছবোমা’ ব্যবহার করছে-হিউম্যান রাইটস ওয়াচের এ অভিযোগের পরপরেই সরকারের পক্ষত্যাগ করেছেন এক ব্রিগেডিয়ার জেনারেল ও তার ক্যাপ্টেন ছেলে। ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ খালউফ ও তার ছেলে ইজ আল-দিন জানান, আসাদের বাহিনী ছেড়ে এসেছেন তারা।
বাংলাদেশ সময়: ২১০৩ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর, eic@banglanews24.com