রংপুর: দীর্ঘদিনের অন্দোলন সংগ্রামের পর রংপুরে পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) আঞ্চলিক কেন্দ্র খোলা হচ্ছে। এই কেন্দ্রে ৩৪তম বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হওয়ারও কথা রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে রংপুরের জেলা প্রশাসক ফরিদ আহাম্মদ বলেন, ‘আগামী ২৪ ফেব্রুয়ারি রংপুরে পিএসসির আঞ্চলিক কার্যালয় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে’।
জেলা প্রশাসন কার্যালয় সূত্রে জানা গেছে, পিএসসি আঞ্চলিক কার্যালয় করার জন্য ভূমি মন্ত্রণালয় থেকে মাসিক ১২শ’ টাকা ভাড়ায় নগরীর গুপ্তপাড়ায় একটি পরিত্যক্ত বাড়ি লিজ নেওয়া হয়েছে। ওই বাড়িটির এখন সংস্কার কাজ চলছে। এজন্য একজন সহকারী পরিচালকসহ প্রয়োজনীয় জনবলও এরইমধ্যে নিয়োগ দেওয়া হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, ৭ ফেব্রুয়ারি পিএসসির ওয়েব সাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তী বলা হয়েছে, এবার রংপুর কেন্দ্রে ৩৪তম বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর আগে ৩৩তম বিসিএস রংপুর কেন্দ্রে হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তা হয়নি।
এদিকে, রংপুরে পিএসসির আঞ্চলিক কার্যালয় ও পরীক্ষা কেন্দ্র স্থাপনের খবরে রংপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা আনন্দিত। তারা এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানান।
রংপুরে পিএসসির আঞ্চলিক কার্যালয় বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক জাকির আহমদ বলেন, ‘রংপুরে পিএসসির আঞ্চলিক কার্যালয় স্থাপনের আন্দোলন সফল হওয়ায় আমরা গর্বিত। আমাদের সঙ্গে যারা আন্দোলন করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
রংপুর সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক এ আই এম মুসা বলেন, আর্থিক অচ্ছলতার কারণে অনেক মেধাবী শিক্ষার্থী অন্য জায়গায় গিয়ে বিসিএস পরীক্ষা দিতে পারতেন না। এখন তাদের সুবিধা হবে।
বিশিষ্ট শিক্ষাবীদ ড. মুহাম্মদ রেজাউল হক বলেন, ‘রংপুরে পিএসসির আঞ্চলিক কার্যালয় স্থাপনের দাবি এ অঞ্চলের শিক্ষার্থী ও অভিভাবকদের দীর্ঘদিনের। এ দাবি পূর্ণ হওয়ায় আমি খুবই আনন্দিত।’
উল্লেখ্য, রংপুরে পিএসসির আঞ্চলিক কার্যালয় ও পরীক্ষা কেন্দ্রের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিলেন রংপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। তাদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে গত বছরের শুরুতে পিএসসির সদস্য সৈয়দ হাসিনুর রহমান ব্যক্তিগত সফরে রংপুরে আসেন। সে সময় তিনি রংপুরে পিএসসির আঞ্চলিক কার্যালয় স্থাপনের আশ্বাস দেন।
বাংলাদেশ সময়: ১৭২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৩
সম্পাদনা: শিমুল সুলতানা, নিউজরুম এডিটর
মতামত জানাতে ইমেইল করুন: eic@banglanews24.com