 |
ঢাকা: গত ২৫ ফেব্রুয়ারি ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ধানমন্ডির প্রিন্সপ্লাজায় আয়োজিত তিন দিনের ব্যবসা উৎসব আড়ম্বরপূর্ণ এক পরিবেশের মধ্যে দিয়ে শেষ হয়। এ উৎসব চলে প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের প্রায় ৬৫০ জন শিক্ষার্থী উৎসবের বিভিন্ন আয়োজনে অংশগ্রহণ করে। যেখান থেকে প্রতিদ্বন্দীতার মাধ্যমে বিজয়ীদের ২৭ ফেব্রুয়ারির সমাপনী অনুষ্ঠানে পুরুস্কৃত করা হয়। আমেরিকান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আফতাবুল ইসলাম প্রধান অতিথি এবং বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান সবুর খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী শিক্ষার্থীদেরকে পুরুস্কার প্রদান করেন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম লুৎফর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান অতিথি, বিশেষ অতিথিসহ বিশ্ববিদ্যালয়ের প্রধানরা।
উল্লেখ্য, শিক্ষার্থীদের দায়িত্বশীলতা, নেতৃত্বগুণ, বিশ্লেষণ ক্ষমতা বৃদ্ধি, চ্যালেঞ্জ মোকাবেলার দক্ষতা ও সঠিক উদ্যোক্তা তৈরির লক্ষ্যে ড্যাফোডিলের বিজনেস অ্যান্ড এডুকেশন ক্লাব ও ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টার তৃতীয়বার এ আয়োজন করে।
বাংলাদেশ সময়: ০২৫০ ঘন্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৩