আগরতলা (ত্রিপুরা): শান্তিপূর্ণভাবে সম্পন্ন হল ভোট। শান্তিপূর্ণ পরিবেশে ভোট সম্পন্ন হওয়ার পর কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর জওয়ানরা রাজ্য ত্যাগ করতে শুরু করেছে।
নির্বাচন উপলক্ষে নিরাপত্তার দায়িত্বে তারা রাজ্যে এসেছিল। এখনও পর্যন্ত প্রায় ৯৫ কোম্পানি কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী রাজ্য ত্যাগ করেছে। এরমধ্যে সি আই এস এফ, সি আর পি এফ, বি এস এফ, পাঞ্জাব পুলিশসহ বিভিন্ন রাজ্যের সশস্ত্র পুলিশ বাহিনীর জওয়ানরা রয়েছে।
মেঘালয় ও নাগাল্যান্ডে বিধানসভা নির্বাচন উপলক্ষে আধা সামরিক বাহিনীর জওয়ানরা রাজ্যে দুটির উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে।
বিধানসভা নির্বাচন সুষ্ঠভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশন ২৬০ কোম্পানি কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী ত্রিপুরার জন্য বরাদ্দ করে। এর মধ্যে সড়ক পথে প্রায় ২০০ কোম্পানি আধা সামরিক বাহিনী রাজ্য ত্যাগ করছে।
আগামী ২৩ ফেব্রুয়ারি নাগাল্যান্ডে বিধানসভা নির্বাচন। জানা গেছে, ত্রিপুরায় ভোটের কাজে ব্যবহৃত প্রায় অর্ধেকের বেশি আধা সামরিক বাহিনী সেই রাজ্যের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে।
নির্বাচন দপ্তরের একটি সূত্র থেকে জানা গেছে, ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত প্রায় ৫০ কোম্পানি কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী ত্রিপুরায় থাকবে।
বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর, eic@banglanews24.com