bg20120206163055.jpg) |
| ছবি: নয়ন কুমার/বাংলানিউজটোয়েন্টিফোর.কম |
ঢাকা : দেশের বৃহত্তম শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবারও বড় দরপতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে।
এদিন লেনদেন শেষে ডিএসইতে ২৪৭টি প্রতিষ্ঠানের দাম কমেছে। সাধারণ সূচক ২২৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৩৬১৬ পয়েন্ট। লেনদেন হয়েছে মোট ২১২ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
প্রথম কার্যদিবস রোববার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সরকারি ছুটি থাকায় পুঁজিবাজারে লেনদেন হয়নি।
সোমবার দুপুর ১টা ৪০ মিনিটে ডিএসই’র মূল ফটকের সামনে অবস্থান নিয়ে ব্যক্তি শ্রেণীর বিনিয়োগকারীরা বিক্ষোভ শুরু করেন।
এ সময় বিপুল পুলিশ তাদের ঘিরে রাখে। দুপুর ২টার দিকে হঠাৎ পুলিশ অ্যাকশনে গিয়ে বিনিয়োগকারীদের আটক করে। এতে বিনিয়োগকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক ধস্তাধস্তি হয়।
এ সময় পুলিশ ৯ বিনিয়োগকারীকে আটক করে।
আটককৃত বিনিয়োগকারীরা হলেন- বিনিয়োগকারী ঐক্য পরিষদের সভাপতি মিজান-উর-রশীদ চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম, সাইদ চৌধুরী, শুব্রত সরকার, মিজানুর রহমান, ফারুক, কাজী মইন উদ্দিন ও মুরাদ।
দুপুর ২টা ১০ মিনিটের দিকে সাংবাদিকরা আটক বিনিয়োগকারীদের তথ্য সংগ্রহ করতে গেলে মতিঝিল থানার সিভির টিম পুলিশ তাদের সঙ্গে দুর্ব্যবহার করে।
এ সময় সিভিল টিমের গাড়ির ড্রাইভার বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে সাংবাদিকদের গায়ের ওপর উঠিয়ে দিতে যায়।
এমনকি ওই ড্রাইভার সাংবাদিকদের গালিগালাজ করে। সাংবাদিকরা তাৎক্ষণিকভাবে এ ঘটনার প্রতিবাদ করে।
পুলিশের দুর্ব্যবহারের প্রতিবাদে শেয়ারবাজারের সব সাংবাদিক ডিএসই’র সামনের রাস্তা অবরোধ করে বসে পড়েন। দুপুর আড়াইটায় পুলিশ এসে ক্ষমা চাইলে সাংবাদিকরা অবরোধ তুলে নেয়।
এর ফলে টিকাটুলী মোড় থেকে মতিঝিল শাপলা চত্বর পর্যন্ত এক পাশের রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে দুপুর ২টা ৩৫ মিনিটের দিকে যান চলাচল স্বাভাবিক হয়।
সোমবার লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে সূচক ও দরপতন চলে।
প্রথম পাঁচ মিনিটে ডিএসই’র সাধারণ সূচক ২২ পয়েন্ট কমে ৩ হাজার ৮২৩ পয়েন্টে নেমে যায়।
পরের পাঁচ মিনিটে অর্থাৎ ১১টা ১০ মিনিটে ৭৮ পয়েন্ট কমে সূচক দাঁড়ায় ৩ হাজার ৭৬৬ পয়েন্ট।
পরবর্তীতে বেলা সোয়া ১১টায় ১০৫ পয়েন্ট কমে ৩ হাজার ৭৩৯ পয়েন্টে, বেলা পৌনে ১২টায় ১৫১ পয়েন্ট কমে ৩ হাজার ৬৯৩ পয়েন্টে, দুপুর ১২টায় ২১৩ পয়েন্ট কমে ৩ হাজার ৬৩২ পয়েন্টে, সাড়ে ১২টায় ২২০ পয়েন্ট কমে ৩ হাজার ৬২৫ পয়েন্টে, ১টায় সূচক ১৯৮ পয়েন্ট কমে ৩ হাজার ৬৪৬ পয়েন্টে, দুপুর দেড়টায় ২২২ পয়েন্ট কমে ৩ হাজার ৬২৩ পয়েন্টে, ২টা ৫ মিনিটে সূচক ২৫২ পয়েন্ট কমে ৩ হাজার ৫৯২ পয়েন্টে নেমে আসে।
ডিএসই’র ওয়েবসাইট সূত্রে জানা যায়, সোমবার লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে মাত্র ৯টির, কমেছে ২৪৭টির এবং অপরিবর্তিত ছিল তিনটির দাম।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) ডিএসই’র শীর্ষ ১০ কোম্পানি হলো- গ্রামীণফোন, বেক্সিমকো, এনবিএল, ইউনাইটেড এয়ার, স্কয়ার ফার্মা, এসআইবিএল, ইউসিবিএল, প্রাইম ব্যাংক, ফুওয়াং সিরামিক ও আরএন স্পিনিং।
ওদিকে সোমবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ সূচক ৩৬৫ পয়েন্ট কমে পৌঁছেছে ৬ হাজার ৮৮১ পয়েন্টে।
লেনদেন হয়েছে মোট ৩৫ কোটি ২৯ লাখ টাকা।
বাংলাদেশ সময় : ১৭২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১২