ঢাকা : ‘আঞ্চলিক পর্যটনই- পর্যটন বিকাশের চাবিকাঠি’ স্লোগান নিয়ে সামনে রেখে আগামী ১১ অক্টোবর থেকে ঢাকায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী বাংলাদেশ ট্র্যাভেলস অ্যান্ড ট্যুরিজম ফেয়ার। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিতব্য এ মেলায় বিভিন্ন দেশের ২ শতাধিক স্টল থাকবে।
শনিবার রাজধানীর রূপসী বাংলা হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মেলার আয়োজক সংস্থা ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টোয়াব) সভাপতি হাসান মনসুর।
তিনি জানান, মেলায় বাংলাদেশ ছাড়াও থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, মিয়ানমার, শ্রীলংকা, ভারত, নেপাল, ভূটান, ফিলিপাইন, চীনসহ বিভিন্ন দেশের ট্যুর অপারেটর, ট্র্যাভেলস এজেন্ট, এয়ারলাইন্স, হোটেল, গেস্টহাউজ ও রিসোর্টের প্রতিনিধিরা অংশ নেবেন।
তিনি জানান, পর্যটন তথ্যের পাশাপাশি মেলা প্রাঙ্গণে পর্যটন সম্পর্কিত সেমিনার, প্রামাণ্য চিত্র, প্রদর্শনী, ওয়ার্কশপ ও সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে।
এ সময় বক্তব্য রাখেন বেসামরিক বিমান পরিবহন ও পযর্টন সচিব আতাহারুল ইসলাম, পযর্টন করপোরেশনের চেয়ারম্যান হেমায়েত উদ্দিন তালুকদার, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সিইও আক্তারুজ্জামান খান কবির ও এফবিসিসিআই’র পরিচালক আনোয়ার হোসেন।
বাংলাদেশ সময় : ১৩২৪ ঘণ্টা, মে ২৬, ২০১২
আইএইচ/সম্পাদনা : বেনু সূত্রধর, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর