ঢাকা: ভুয়া পরোয়ানা বন্ধে নীতিমালা প্রণয়নে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
এ সংক্রান্ত এক রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের হাইকোর্ট বেঞ্চ বুধবার এ রুল জারি করেন।
একইসঙ্গে আইন লঙ্ঘনকারী ও দায়িত্ব পালনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণে কেন নির্দেশ দেওয়া হবে না তাও জানতে চেয়েছেন আদালত।
উল্লেখ্য, গত ২৬ ডিসেম্বর একটা জাতীয় দৈনিকে প্রকাশিত ‘ভুয়া গ্রেফতারি পরোয়ানা বাণিজ্য!’ শিরোনামের প্রতিবেদন যুক্ত করে সোমবার রিট আবেদনটি করেন আইনজীবী অ্যাডভোকেট মনজিল মোরসেদ।
আদালতে রিটের পক্ষে মনজিল মোরসেদ নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটনি জেনারেল মো. মোখলেছুর রহমান।
রিটে স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক, ৠাবের মহাপরিচালক, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপ-মহাপরিদর্শক, ঢাকা মেট্টোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার, গুলশান জোনের সহকারি কমিশনার ও গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বিবাদী করা হয়েছে।
বাংলাদেশ সময়: ০৫৪২ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৩
এমইএস/ সম্পাদনা: জয়নাল আবেদীন, নিউজরুম এডিটর