চট্টগ্রাম: বাংলাদেশে হিজড়াসহ অন্যান্য অবহেলিত প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে কল্যাণমুখী ও জনহিতকর কার্যক্রম এবং কর্মসূচির মাধ্যমে বাস্তবায়ন করতে বন্দরনগরী চট্টগ্রামে হিজড়া সম্মেলনের আয়োজন করা হয়েছে।
এ উপলক্ষে বুধবার হিজড়াদের মিলনমেলায় পরিণত নগরীর থিয়েটার ইনস্টিটিউট অডিটরিয়াম। চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক), নোঙ্গর সমাজ উন্নয়ন সংস্থা এবং বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি যৌথভাবে উদ্যোগে দেশে প্রথমবারের মতো এ সম্মেলনের আয়োজন করে।
চসিকের মেয়র এম মনজুর আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জমকালো অনুষ্ঠানের উদ্বোধন করেন।
এ সময় মেয়র মনজুর আলম সমাজের প্রান্তিক জনগোষ্ঠী হিজড়াদের প্রাপ্য অধিকার সুনিশ্চিত করতে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জীবনযাত্রার উন্নয়নে জন্মনিবন্ধন সনদ, বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদানে হেলথ কার্ড এবং শিক্ষা অর্জনের লক্ষ্যে নাইট স্কুল চালুর ব্যবস্থা করা হবে বলে আশ্বাস দেন।
চসিকের সমাজকল্যাণ স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান কাউন্সিলর হাসান মুরাদের সভাপতিত্বে সম্মেলনে অস্ট্রেলিয়ান এওয়াক সংস্থার প্রতিনিধি কেটি ব্রাউন, নোঙ্গর সমাজ উন্নয়র সংস্থার প্রধান নির্বাহী এএসএম জামাল উদ্দিন রানা, বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির ডেপুটি ম্যানেজার এএসএম রহমতউল্লাহ ভুঁইয়া এবং হিজড়া জনগোষ্ঠীর পক্ষে ফাল্গুনী হিজড়াসহ অন্যরা বক্তব্য দেন।
সম্মেলনে হিজড়া জনগোষ্ঠীর জীবনযাত্রা, বিভিন্ন পরিসংখ্যানের চিত্র, অধিকার ও উন্নয়ন এবং নানা সমস্যা নিয়ে কর্ণফুলী হিজড়া সংঘের সভাপতি পায়েল হিজড়া মূল প্রবন্ধ পাঠ করেন।
বাংলাদেশ সময়: ২২১০ ঘণ্টা, জুন ১৩, ২০১২
এমবিএম/সম্পাদনা: আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর