 |
ঢাকা: পাকিস্তানের মানবাধিকার কর্মী ও কিশোরী ব্লগার মালালা ইউসুফজাইকে যুক্তরাষ্ট্রের সম্মানজনক ‘কংগ্রেসনাল গোল্ড মেডেল’ প্রদান করতে দেশটির আইনসভা ‘কংগ্রেসে’ একটি বিল পুনরুত্থাপিত হয়েছে।
পাকিস্তানে শিক্ষা, ন্যায়বিচার ও সমতার জন্য অসামান্য অবদান রাখায় মালালাকে এই পদক প্রদানের জন্য বিলটি উত্থাপন করেন কংগ্রেস সদস্য শিলা জ্যাকসন লি।
সহিংসতা ও হতাশার মধ্যে মালালাকে পাকিস্তানের আশা আকাঙ্ক্ষার প্রতীক উল্লেখ করে শিলা বলেন, “তিনি পাকিস্তানের ভবিষ্যৎ হিসেবে আবির্ভূত হয়েছেন। আবির্ভূত হয়েছেন দেশটির প্রতিনিধিত্বশীল একটি নতুন মুখ এবং নারী অধিকারের একজন সক্রিয় সমর্থক হিসেবে।”
এর আগে, গত বছরের ১৩ নভেম্বর এ সংক্রান্ত প্রথম বিল উত্থাপন করেন শিলা।
সেবার ৩৫ জন কংগ্রেস সদস্য বিলটির সমর্থন করেছিলেন।
সে সময় অবশ্য বিলটি পাস হয়নি।
তবে, নবনির্বাচিত কংগ্রেসে এবার পুনরুত্থাপিত হলো বিলটি।
এ বিল উত্থাপনের সূত্র ধরে শুক্রবার মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ভিক্টোরিয়া নুল্যান্ড বলেন, “কিশোরী মালালার সাহস ও বুদ্ধিমত্তা সকলকেই উৎসাহ যোগায়।”
ভিক্টোরিয়া বলেন, “মালালা ও তার পরিবারের স্থান আমাদের চিন্তা ও প্রার্থনাজুড়ে সবসময় সর্বাগ্রে থাকবে।”
উল্লেখ্য, নারীশিক্ষা প্রচারণার পক্ষে বক্তব্য রাখায় গত ৯ অক্টোবর তালেবানদের গুলিতে গুরুতর আহত হন মালালা।
চিকিৎসা শেষে শুক্রবার যুক্তরাজ্যের বার্মিংহামের এলিজাবেথ হাসপাতাল ছাড়েন এই মানবাধিকার কর্মী।
বাংলাদেশ সময় : ১৩৪৫ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৩
সম্পাদনা : হুসাইন আজাদ, নিউজরুম এডিটর-eic@banglanews24.com