চট্টগ্রাম: আইনভঙ্গের অভিযোগে চট্টগ্রাম নগরীর সদরঘাট এলাকায় একটি মিনারেল ওয়াটার কারখানা এক মাসের জন্য বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
একইসঙ্গে বিভিন্ন অভিযোগে একটি আইসক্রীম কারখানা ও একটি হোটেলকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ম্যাজিস্ট্রেট জয়নাল আবেদিন ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করেন।
সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা সাইফুদ্দিন আহমেদ সাকী বাংলানিউজকে অভিযানের বিষয়টি জানান।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অভিযানের শুরুতে ভ্রাম্যমাণ আদালত টিম নগরীর সদরঘাট কাস্টমস অফিসের সামনে যান। এ সময় ঈশা ড্রিংকিং ওয়াটার নামে এক কারখানার বেশ কিছু ড্রাম রাস্তার উপর যত্রতত্র ফেলে রেখে মানুষের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির বিষয়টি আদালতের নজরে আসে।
এছাড়া অভিযান চালিয়ে ওই কারখানার সঠিক কাগজপত্রও পাওয়া যায়নি। আদালত কারখানা মালিককে এক মাসের জন্য কারখানা বন্ধ রেখে কাগজপত্র ঠিক করার আদেশ দেন।
এছাড়া সদরঘাটস্থ আপন আইসবার নামে এক কারখানাকে আইসক্রীমে বিষাক্ত রঙ মেশানো, অস্বাস্থ্যকর-দুর্গন্ধযুক্ত পরিবেশে আইসক্রীম বানানো ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এরপর ফিরিঙ্গীবাজারে মোহম্মদীয়া হোটেলে অভিযান চালিয়ে নোংরা ও দুর্গন্ধযুক্ত খোলা পায়খানা পেয়ে এবং বিস্কুট তৈরির ব্যাপারে বিএসটিআই’র অনুমোদিত কাগজপত্র না থাকায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এরপর নগরীর নিউমার্কেট এলাকার মদিনা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে অভিযান চালিয়েও খোলা, অস্বাস্থ্যকর টয়লেট পাওয়া যায়। হোটেল মালিককে আগামী ৭ দিনের মধ্যে তা স্বাস্থ্যসম্মতভাবে তৈরি ও একই হোটেলের দ্বিতীয় তলার ফ্লোরগুলো সø্যাব দিয়ে স্বাস্থ্যসম্মতভাবে তৈরি করার জন্য বলা হয়।
আদালত ফিরিঙ্গীবাজারের ইয়াকুব নগরে পদ্মা ড্রিংকিং ওয়াটারের স্বাস্থ্য সনদ ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় আগামী ১ মাসের মধ্যে তা ম্যানেজারকে সংগ্রহ করার আদেশ দেন। তাদের বোতলজাত পানিগুলো মেয়াদ উত্তীর্ণ কিনা তা যাচাই করে দেখার জন্য একটি পানির জার জব্দ করা হয়।
এদিকে নগরীর চন্দনপুরা সিরাজদ্দৌলা রোড এলাকায় গুল-এজার বেগম সিটি কর্পোরেশন মুসলিম বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে ফুটপাতের উপর থেকে একটি মাংসের দোকান ও একটি ভাঙারি দোকান অপসারণ করা হয়েছে।
বাংলাদেশ সময় : ১৯২৮ ঘণ্টা, মে ২১, ২০১২
আরডিজি/ সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর