 |
ঢাকা: ভারতে আয়োজিত আভান্থা মাস্টার্স টুর্নামেন্টের চতুর্থ ও শেষ রাউন্ডে ভাল পারফরমেন্স করতে পারেননি সিদ্দিকুর রহমান। পারের চেয়ে এক শট বেশি নিয়ে যৌথভাবে ৪৮তম স্থানে থেকে প্রতিযোগিতা শেষ করেন দেশসেরা এই গলফার।
বৃহত্তর নয়ডার জয়পী গ্রিনস গলফ কোর্সে তৃতীয় রাউন্ড শেষে পারের চেয়ে আট শট এগিয়ে থেকে যৌথভাবে ৩২তম স্থানে ছিলেন সিদ্দিকুর। রোববার চতুর্থ ও শেষ রাউন্ডে নির্ধারিত শটের চেয়ে একশট বেশি (৭৩ শট) নিতে হয় ২০০৭ সালে পেশাদার হওয়া এই গলফারকে। চার বার্ডির বিপরীতে পাঁচটি বগি নিয়েছেন। ফলে সবমিলিয়ে পারের চেয়ে সাত শট এগিয়ে থেকে (২৮১ শট) প্রতিযোগিতা শেষ করেন ২০১০ সালের ব্রুনাই ওপেন জয়ী এই তারকা।
এদিকে তৃতীয় রাউন্ডে পারের চেয়ে ১০ শট কমে খেলে ২.৩ মিলিয়ন মার্কিন ডলারের এই প্রতিযোগিতায় শিরোপা জয়ের ক্ষেত্র প্রস্তত করেই রেখেছিলেন দক্ষিণ আফ্রিকার টমাস এইকেন। রোববার শেষ রাউন্ডে আন্ডার পার ফাইভ স্কোর করে সবমিলিয়ে নির্ধারিত শটের চেয়ে ২৩ শট কম নিয়ে শিরোপা ঘরে তোলেন এই প্রোটিয়াস গলফার। এদিকে শেষ রাউন্ডে ৬৪ শটে খেলে এক লাফে অষ্টম স্থান থেকে দ্বিতীয়স্থান দখলে নেন স্বাগতিক গলফার গগনজিৎ ভুলার। সবমিলিয়ে পারের চেয়ে ২০ শট কমে (২৬৮ শট) প্রতিযোগিতা শেষ করেন তিনি।
বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, ১৭ মার্চ, ২০১৩
এএইচবি/এসএ