 |
ঢাকা: যুক্তরাষ্ট্রের লোকজ গানের শিল্পী মিন্ডি ম্যাকক্রিডি মারা গেছেন। নিজের বাসা থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, আত্মহত্যা করতে পারেন তিনি।
আরকানসাসের প্রশাসক মার্টি মস বলেন, “মনে হচ্ছে ৩৭ বছল বয়সী গায়িকা নিজেকে গুলি করেছেন।”
এর আগে দুই বার আত্মহত্যা করতে চেয়েছিলেন তিনি।
যুক্তরাষ্ট্র সময় রোববার বিকেলে ম্যাকক্রিডির বাসায় গুলির শব্দের পর পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পুলিশ বারান্দা থেকে তাকে পড়ে থাকতে দেখতে পায়। ওখানেই তাকে মৃত ঘোষণা করে পুলিশ।
একটি সংবাদ মাধ্যম জানিয়েছে, নিজেকে গুলি করার আগে নিজের কুকুরটি গুলি করে ম্যাকক্রিডি।
জীবনসঙ্গী সংগীত রচয়িতা ডেভিড উইলসন নিহত হওয়ার এক মাস পরেই নিহত হলেন ম্যাকক্রিডি। উইলসনের মৃত্যুকে মেনে নিতে পারেননি তিনি।
সিএনএনের ডেটলাইন প্রোগ্রামে এক সাক্ষাৎকারে ম্যাকক্রিডি বলেছিলেন, “আগে কখনও এমন বেদনাদায়ক সময় পার করিনি আমি। সে শুধু আমাকেই স্পর্শ করেনি, আমরা হৃদয়কেও স্পর্শ করেছে।”
ম্যাকক্রিডির দুই সন্তানের মধ্যে একজনের জনক উইলসন। উইলসনের হত্যাকাণ্ডের সঙ্গে নিজের সংশ্লিষ্টতার কথা অস্বীকার করেছিলেন ম্যাকক্রিডি।
পাঁচটি অ্যালবাম বের করেছেন তিনি। তার সর্বশেষ অ্যালবাম ‘আই’ম স্টিল হিয়ার’ ২০১০ সালে মুক্তি পায়।
১৯৭৫ সাল ফ্লোরিডার ফোর্ট মায়ারসে জন্মগ্রহণ করেন মালিন্ডা গেইল ম্যাকক্রিডি। ছোট থেকেই পারফর্ম করতেন তিনি। একটি স্থানীয় গির্জায় প্রথম গান গাওয়ার অভিজ্ঞতা অর্জন করেছিলেন তিনি। সংগীতে নিজের ক্যারিয়ার গড়ার জন্য ১৬ বছর বয়সে স্কুলকে বিদায় জানান তিনি।
১৯৯৬ সালে তার প্রথম একক গান ‘টেন থাউজ্যান্ড অ্যাঞ্জেলস’ যুক্তরাষ্ট্রের শীর্ষ লোকজ গানের তালিকায় ছয় স্থানে উঠে এসেছিল। একই শিরোনামে তার প্রথম অ্যালবামটির ১২ লাখ কপি বিক্রি হয়েছিল।
প্রণয়-পরিণয়সহ মাদক সংশ্লিষ্ট ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বেশ কয়েকবার সংবাদ মাধ্যমের শিরোনাম হয়েছিলেন তিনি।
বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর, eic@banglanews24.com