পাবনা : আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাবনা পৌর শহরের গোবিন্দা এলাকায় শনিবার গভীররাতে দু’পক্ষের সংঘর্ষে ৩ যুবক ছুরিকাহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
আহতদের পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া সংঘর্ষ চলাকালে কয়েক রাউন্ড গুলিবর্ষণের ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছে।
আহতরা হলেন, কৃঞ্চপুর মহল্লার খলিলুর রহমানের ছেলে সোহাগ (২০), গোবিন্দা মহল্লার বাবলু শেখের ছেলে রকি (২২) ও একই এলাকার মৃত বক্স প্রামাণিকের ছেলে আব্দুল জব্বার (২২)।
পুলিশ ও স্থানীয় সুত্র বাংলানিউজকে জানায়, শহরের গোবিন্দা এলাকায় আওয়ামী লীগ সমর্থিত দুই পক্ষের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
এরই জের ধরে রাদে দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় কয়েক রাউন্ড গুলিবর্ষণের ঘটনাও ঘটে বলে জানান স্থানীয়রা।
ওই সংঘর্ষে সোহাগ, রকি ও জব্বার প্রতিপক্ষের ছুরিকাঘাতে আহত হয়। আহতদের মধ্যে আব্দুল জব্বারকে রাতেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। সংঘর্ষের খবর পেয়ে র্যাব ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ বিষয়ে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন সরকার বাংলানিউজকে জানান, সংঘর্ষের কারণ জানা যায়নি।
বাংলাদেশ সময় : ০৫০৮ ঘন্টা, জানুয়ারি ০৬, ২০১৩
সম্পাদনা : মাহাবুর আলম সোহাগ, নিউজরুম এডিটর