১০ জ্যৈষ্ঠ ১৪২০, শুক্রবার মে ২৪, ২০১৩ ২:০১ পিএম BDST banglanew24
17 Mar 2013   07:37:21 PM   Sunday BdST
E-mail this

রাজনীতি স্থগিতের ঘোষণা শামীম ওসমানের


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
রাজনীতি স্থগিতের ঘোষণা শামীম ওসমানের

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও সুরাহা না হওয়া পর্যন্ত নিজের ও আওয়ামী লীগের রাজনীতি স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক সাবেক এমপি শামীম ওসমান।

রোববার বিকেলে শামীম ওসমানের উপস্থিতিতে তার সমর্থক নেতাকর্মীদের পুলিশ সুপারের কার্যালয়ে স্মারকলিপি জমা দেওয়ার আগে সংক্ষিপ্ত বক্তব্যে শামীম ওসমান এ ঘোষণা দেন।

তিনি বলেন, “যেহেতু এ হত্যাকাণ্ডের সঙ্গে আমাদের দিকে অভিযোগ তোলা হচ্ছে, সেহেতু প্রয়োজনে ঘটনার সুরাহা না হওয়া পর্যন্ত রাজনীতি বন্ধ রাখবো। তবুও যেন প্রকৃত ঘটনা উদঘাটিত হয়।”

বিকেল ৪টায় আদালত পাড়ায় এসে উপস্থিত হন শামীম ওসমান। তবে এর আগে থেকেই বিভিন্ন এলাকা থেকে শামীম ওসমানের পক্ষে আদালত পাড়ায় খণ্ড খণ্ড মিছিল এসে জড়ো হতে থাকে।

পরে সংক্ষিপ্ত সমাবেশে শামীম ওসমান বলেন, “আমরাও ত্বকী হত্যার বিচার চাই। কিন্তু একটি দালাল চক্র ত্বকী হত্যাকাণ্ড নিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। ত্বকী হত্যাকাণ্ড নিয়ে তারা আমাদের পরিবারের দিকে আঙুল তুলছে। পুলিশ সুপারের এখানে উপস্থিত থাকা উচিত ছিল। তিনি যদি এখানে উপস্থিত থাকতেন, তবে নারায়ণগঞ্জবাসীর মনের কথা বুঝতে পারতেন।”

তিনি বলেন, “ত্বকী হত্যার বিচারের দাবিতে মুষ্টিমেয় কয়েকজন লোক জেলা প্রশাসকের কাছে এসেছিলেন। তারা জেলা প্রশাসককে অপমান করেছেন। যা নারায়ণগঞ্জের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। কিন্তু আজ একটি পূর্ব নির্ধারিত কর্মসূচি। কিন্তু পুলিশ সুপার এখানে উপস্থিত নেই। সেখানে নারায়ণগঞ্জের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ এবং ঘাতক দালাল নির্মূল কমিটির নেতারা উপস্থিত রয়েছেন।”

শামীম ওসমান বলেন, “আজকের ঘটনা প্রমাণ করে, নারায়ণগঞ্জের পুলিশ হয়তো চাপে আছে। নয়তো কোনো বিশেষ ব্যক্তিকে খুশি করতে তারা কাজ করছে। আমরা ত্বকী হত্যার বিচার চাই।”

তিনি আরও বলেন, “যে সময় পর্যন্ত প্রশাসন ত্বকীর খুনিদের গ্রেফতার না করতে পারবে, সে পর্যন্ত আমরা নারায়ণগঞ্জে রাজনীতি বন্ধ রাখবো। তবুও যেন প্রশাসন ত্বকীর খুনিদের দ্রুত খুঁজে বের করে। কিন্তু এর পরেও যদি কোনো কারণে স্বাধীনতা বিরোধীদের আস্ফালন ঘটে, তাহলে পরে আমরা অবশ্যই মাঠে নামবো।”

বক্তব্য শেষে শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা, ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি এম সাইফউল্লাহ বাদল, সাধারণ সম্পাদক শওকত আলী, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজিমউদ্দিন ও জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি চন্দন শীল প্রমুখ শামীম ওসমানের প্রতিনিধি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার সাজ্জাদুর রহমানের কাছে শামীম ওসমান স্বাক্ষরিত স্মারকলিপিটি জমা দেন।

এ সময় শামীম ওসমানের প্রতিনিধিরা স্মারকলিপিতে উল্লেখিত বিষয়গুলোর প্রতি যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার সাজ্জাদুর রহমান উপস্থিত সাংবাদিকদের বলেন, “এসপি সাহেব আগে থেকেই সিডিউল থাকায় তিনি দুপুরে সোনারগাঁওয়ে ওলামা-মাশায়েখদের সঙ্গে আলোচনা করতে গেছেন। আমাকে স্মারকলিপি গ্রহণ করতে বলা হয়েছে। আমি স্মারকলিপিটি গ্রহণ করেছি এবং তা এসপি সাহেবের কাছে পৌঁছে দেব। স্মারকলিপিতে যেসব ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন, আমি সেসব ব্যবস্থা নেওয়ার কথা এসপি সাহেবকে জানাবো। তবে স্মারকলিপিতে কি লেখা আছে তা আমি এখন পর্যন্ত দেখিনি।“

এর আগে শনিবার রাতে আইভীর বিরুদ্ধে সদর মডেল থানায় জিডি করেছিলেন শামীম ওসমান। ওইদিন বিকেলে শহরের চাষাঢ়ায় পৈত্রিক নিবাস হীরা মহলে দলীয় নেতাকর্মীদের নিয়ে এক সংবাদ সম্মেলনে শামীম ওসমান রোববার বিকেলে স্মারকলিপি প্রদানের আগাম ঘোষণা দিয়েছিলেন।

এরই মধ্যে নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি সারাহ বেগম কবরী তাদের বক্তব্যে সাবেক এমপি শামীম ওসমানদের পরিবারকে ইঙ্গিত করে বলেছেন, “ত্বকী হত্যাকাণ্ডের সঙ্গে একটি বিশেষ মহল ও পরিবার জড়িত।”

গত শুক্রবার রফিউর রাব্বি ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভী চাষাঢ়ায় সমাবেশ করে বলেন, “হত্যাকাণ্ডের ঘটনার সঙ্গে শামীম ওসমান ও তার দুই ভাই জড়িত। ইতোমধ্যে খুনিদের দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে।”

অন্যদিকে শনিবার এ ঘটনায় সংবাদ সম্মেলন করেন শামীম ওসমান। ওই রাতেই আইভীর বিরুদ্ধে জিডি করেন শামীম ওসমান।

বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৩
তানভীর হোসেন/ সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর- eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান